চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডস্থ বাবুরহাটে মেয়ে সুখীর বিরুদ্ধে তার
পিতা মান্নান মাল থানায় অভিযোগ করেছেন। গত ১২ মার্চ বৃহস্পতিবার চাঁদপুর
সদর মডেল থানায় এ অভিযোগ দায়ের করা হয়। চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সূত্রে
জানা যায়, মান্নান মাল তার ২য় পরিবারের মেয়ে সুখীর বিরুদ্ধে মালামাল লুটের
অভিযোগ এনেছেন। ওই অভিযোগে মান্নান মালের ২য় স্ত্রী মমতাজ বেগম ও পুত্র
বিপ্লব মালের নামও উল্লেখ করেছেন।
পুলিশ সূত্রে আরো জানা যায়, মান্নান মালের ঘরের আসবাবপত্র লুটপাটের অভিযোগ
তুলেছেন তার কন্যা সুখীর বিরুদ্ধে। বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে
পুলিশ। অভিযোগটির তদন্তভার দেয়া হয় চাঁদপুর সদর মডেল থানার এএসআই আবদুল
হালিমকে। তিনি অভিযোগের তথ্য নিশ্চিত করে জানান, অভিযোগটি পারিবারিক
দ্বন্দ্বের হতে পারে। তবুও আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। ইতিমধ্যে
আমরা উভর পক্ষের সাথে অভিযোগের তদন্তের স্বার্থে কথা বলেছি।
এ ব্যাপারে অভিযুক্ত সুখী জানান, আমাদেরকে হয়রানি করার জন্যে এ অভিযোগ
দায়ের করা হয়েছে। মূলত আমরা আমাদের নিজেদের ক্রয়কৃত মালামাল অন্যত্র সরিয়ে
এনেছি। তাই অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল
থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ হারুনুর রশীদ জানান, থানায় মান্নান মাল
অভিযোগ দেয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে এখনো কোনো
মামলা হয়নি। আমরা অভিযোগটি গুরুত্ব সহকারে দেখছি।
