
অক্টোবরের প্রথম সপ্তাহে চাঁদপুর পৌরসভা নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মোঃ আলমগীর। ২৩ আগস্ট রোববার ইসির কমিশন সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ বিষয়ে সচিব বলেন, ‘যেহেতু এটি স্থগিত ছিল, এটি অক্টোবরের মাঝামাঝি হতে পারে। তবে এটি এখনও চূড়ান্ত না। কমিশন এ সংক্রান্ত অনুমোদন করলে এটি সম্ভবত অক্টোবরের ফার্স্ট উইকে (প্রথম সপ্তাহে) হবে।’
বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী সফিকুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচন। গত ২৯ মার্চ এই নির্বাচন হওয়ার কথা ছিল। এর আগে গত ১৬ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন স্থগিত করে কমিশন।
এ নির্বাচনে পুনঃতফসিল ঘোষণার পর শুধু মেয়র প্রার্থীরা মনোনয়ন ফরম নিতে পারবেন। অন্যান্য পদে আগে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারাই প্রার্থী থাকবেন।
