
কচুয়া (চাঁদপুর)সংবাদদাতা: কচুয়া থানা পুলিশ বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ৯ জন গরু চোর গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে কচুয়া উপজেলার দক্ষিণ বিতারা গ্রামের মুন্সি বাড়ীর মো: আলী (৪০), কুটিয়া লক্ষীপুর গ্রামের বেপারী বাড়ীর মো: ইসমাইল (২৮), একই বাড়ীর সফিকুল ইসলাম (৩৩), সফিবাদ গ্রামের মুন্সি বাড়ীর সেলিম মুন্সি (৪০), একই গ্রামের মোল্লা বাড়ীর জাকির হোসেন (৫০) ও ভোলা গাজী বাড়ীর আমির হোসেন (৪৫), কেশরকোর্ট নতুন বাড়ীর মো: আনোয়ার (৫০) ও একই বাড়ীর ইমান হোসেন (৫০) এবং চান্দিনা উপজেলার কুড়ুটি গ্রামের বেপারী বাড়ীর আবু ইউছুফ (৫০)।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন প্রেস ব্রিফিং এ জানান- গত ২৩ মার্চ গভীর রাতে কচুয়া উপজেলার পড়াগাঁও গ্রামের প্রধানীয়া বাড়ীর বেলাল হোসেনের গোয়াল ঘরের তালা ভাঙ্গিয়া একটি গাভী, একটি ধামড়ি ও একটি ষাড়ঁ চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে কচুয়া থানায় ২৪ মার্চ একটি মামলা দায়ের হয়। মামলা নং- ৩৮।
মামলা দায়েরের পর চাঁদপুর জেলার পুলিশ সুপার মিলন মাহমুদের সার্বিক নির্দেশনায় কচুয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিম সুপার আবুল কালাম আজাদ চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে উক্ত অসীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা আন্ত: জেলা গরু চোর চক্রের সক্রিয় সদস্য হিসেবে ব্যাপক জনশ্রুতি রয়েছে। উক্ত আসামীদেরকে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান- গরু চুরি কাজে ব্যাবহার করা পিক-আপটি ও জব্দ করা হয়েছে। চুরি হওয়া গরু গুলো উদ্ধারে জোর তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া কচুয়া থানায় গরু চুরি প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
চাঁদপুরনিউজ/এমএমএ/
