
চাঁদপুর: চাঁদপুর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা সংরক্ষণ আইন অমান্য করে জাটকা ধরায় ১৯৯ জেলেকে জেলা ও জরিমানা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত জেলা সদর, মতলব উত্তর ও হাইমচর উপজেলার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক জেলেদেরকে পৃথকভাবে জেল ও জরিমানা করেন।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে শনিবার (৩ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
দৈনিক ওই বিজ্ঞপ্তি থেকে জানাগেছে, এ পর্যন্ত জেলা ও উপজেলা টাস্কফোর্স সাড়ে ৩শ’ অভিযান পরিচালনা করেছেন। ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে ৭৩টি। জাটকা জব্দ করা হয়েছে ১৮.০৫২ মেট্টিক টন। অন্যান্য মাছ জব্দ হয়েছে ০.০৪৫ মেট্টিক টন।
নিষিদ্ধ কারেন্টজাল জব্দ হয়েছে ৬২.৯৪০বর্গ মিটার এবং অন্যান্য জাল জব্দ হয়েছে ৫৩হাজার বর্গ মিটার। যার আনুমানিক মূল্য ১২৫ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা। এসব অভিযানে মামলা হয়েছে ১৬৬টি। জেলেদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ৬ লাখ ১৮ হাজার টাকা।
অভিযানে নিয়োজিত একজন সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, জেলা টাস্কফোর্স অভিযান অব্যাহত রাখলেও এক শ্রেনীর অসাধু জেলে জাটকা নিধনের চেষ্টা অব্যাহত রেখেছে। মার্চ মাসে নৌ-বাহিনীর জাহাজ চাঁদপুরের দু’টি স্থানে দুইদিন অবস্থান করায় কোন জেলে সাহস করে জাটকা নিধনে নামেনি। আমার ধারণা নৌ-বাহিনীর সার্বক্ষণিক সহযোগিতা থাকলে জাটকা সংরক্ষণ অভিযান সফল করা সম্ভব। বিষয়টি তিনি সংশ্লিষ্ট সকলের দৃষ্টিতে আনার জন্য সাংবাদিকদেরকে অনুরোধ জানান।
সিনিয়র করেসপন্ডেন্ট/চাঁদপুরনিউজ/এমএমএ/
