

চাঁদপুর নিউজ রিপোট==
দেশের রাজনৈতিক অঙ্গনে নাটকীয় পরিবর্তন ঘটে গেলো। শুরু হয়েছে নির্বাচনকালীন সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা। গতকাল ১৮ নভেম্বর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়। এ সরকারের নতুন ৬ জন পূর্ণ মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী গতকাল শপথ নিয়েছেন। এ ছাড়া আরেকজনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে। আর বর্তমান মন্ত্রীসভা থেকে কারা কারা এ অন্তর্বর্তীকালীন সরকারে থাকছেন সেটি আজ চূড়ান্ত হবে। তবে পুনর্গঠিত মন্ত্রীসভার তালিকায় চাঁদপুরের দু’জনই আছেন এমন তথ্য একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
গত মাসের শেষ দিক থেকে চলতি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত দেশে নির্বাচনকালীন সরকার নিয়ে পুরো দেশ টালমাটাল অবস্থায় ছিলো। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ১৮ দলীয় জোট দু’ দফা ৬০ ঘণ্টা করে হরতাল এবং এক দফা ৮৪ ঘণ্টার হরতাল দিয়েছে। হরতালে সারাদেশে ব্যাপক সহিংসতা ঘটেছে, হরতালকারীদের আগুনে বেশ ক’জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। এতো কিছুর মাঝেও সরকার দৃঢ় মনোবল নিয়ে নিজস্ব গতিতে এগিয়ে চলেছে। সর্বশেষ মন্ত্রী সভার সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এরপর তাঁদের মন্ত্রীত্ব থাকা না থাকা নিয়ে সারাদেশে বিতর্কের ঝড় উঠেছে। আবার মহাজোটের অন্যতম শরীক জাতীয় পার্টিকে নিয়ে উভয় জোটে সৃষ্টি হয় সন্দেহ। এমন এক টালমাটাল অবস্থায় রোববার রাতে যেনো হঠাৎ দেশের রাজনীতিতে নাটকীয়ভাবে মোড় নিলো অন্তবর্তীকালীন অথবা সর্বদলীয় সরকারে জাতীয় পার্টির অংশগ্রহণের খবর শুনে। আর সে বহুল আলোচিত সরকার গঠন হলো গতকাল। এতেই যেনো রাজনীতির দৃশ্যপট পাল্টে যায়।
গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি অ্যাডঃ আবদুল হামিদ নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। নতুন পূর্ণ ছয় মন্ত্রী হচ্ছেন- আওয়ামী লীগের তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমু, জাতীয় পার্টির রওশন এরশাদ, রুহুল আমিন হাওলাদার, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন। আর প্রতিমন্ত্রী দু’জন হচ্ছেন জাতীয় পার্টির মজিবুল হক চুন্নু ও অ্যাডঃ সালমা ইসলাম। এ ছাড়া জাতীয় পার্টির আরেকজন জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে।
এ দিকে পুনর্গঠিত মন্ত্রী সভায় সরকারের বর্তমান মন্ত্রী সভার মধ্য থেকে কে কে থাকছেন এ ব্যাপারে আজ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব। তবে কারা কারা থাকছেন এমন সম্ভাব্য তালিকায় চাঁদপুরের দু’জন পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি ও স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের নাম রয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।
(
