স্টাফ রিপোর্টার:

জাতীয়পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদকে আটকের প্রতিবাদে জেলা জাতীয়পার্টির আহবানে গতকাল রবিবার চাঁদপুর জেলায় সকাল সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। অন্য দিকে কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার প্রতিবাদে সারাদেশের ন্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুরে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে হরতাল পালন করে।
হরতালের সমর্থনে জেলা জাতীয়পার্টির নেতা-কর্মীরা শহরের মিশন রোডস্থ পার্টি অফিসের সামনে সকাল থেকে অবস্থান নেয়। সকাল ১০টায় দলীয় কার্যালয় থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক সফিউল আজম শাহজাহান, সহ-সভাপতি কামাল উদ্দিন পাটওয়ারী, শহর জাতীয়পার্টির সভাপতি সিরাজুল ইসলাম (সিরু মিজি), সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সলেমান মিতা, সহ-সাংগঠনিক সম্পাদক কোরবান আলী, জেলা যুব সংহতির আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, সদস্য সচিব নাজির হোসেন ভুঁইয়া। এসময় জাতীয়পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা মিছিলে অংশ গ্রহন করেন।
অপরদিকে জামায়াত-শিবির কর্মীরা হরতালের সমর্থনে গতকাল ভোরে শহরের কালীবাড়ী মোড়ে সড়কে ট্রায়ারে আগুন দেয়। একই সময় চাঁদপুর রায়পুর সড়কের ইসলামপুর গাছতলা এলাকায় সড়কে বহু সংখ্যক গাছ কেটে সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে গাছ সরিয়ে সড়ক স্বাভাবিক করে। সকাল ১০টায় ছাত্রশিবিরের একটি ঝটিকা মিছিল থেকে শহরের মাতৃপীঠ স্কুল সংলগ্ন দুলাল সুইটস, হাজী মহসীন রোডস্থ রুচি হোটেলে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় তারা জনমনে আতংক সৃষ্টির উদ্দেশ্যে শহরের বিভিন্ন স্থানে ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। একই সময় ডিএন স্কুল সংলগ্ন সড়কে পেট্রেল ঢেলে সড়কে আগুন দেয়।
হরতালে দিনের প্রথম প্রহরে যানচলাচল কম থাকলে বেলা ভাড়ার সাথে সাথে শহরে ভারী যানবাহন ছাড়া বাকী সব যানবহন চলাচল স্বাভাবিক ছিলো। পুলিশ গুরুত্বপূর্ণ স্থানে সতর্কাবস্থায় ছিলো এবং টহলরত পুলিশ যে কোন নাশকতা এড়াতে শহরের সর্বত্র দায়িত্ব পালন করে। ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার কোন বাস চাঁদপুর থেকে ছেড়ে যায়নি।
শিরোনাম:
রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
