
হাজীগঞ্জ ব্যুরো
গতকাল হাজীগঞ্জে প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৩নং কালোচোঁ ইউনিয়নের তারাপাল্লা গ্রামের আমিনুদ্দীন প্রধানিয়া বাড়ির প্রবাসী আবুল খায়েরের ছেলে ইব্রাহীমের ঘরে। এতে করে ঐ ঘরের বেশ কিছু মালামাল ভাংচুর ও লুটপাটের কারণে ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় ইব্রাহিম বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছে।
ক্ষতিগ্রস্ত ইব্রাহিম জানান, ঘটনার অনেক আগ থেকে এলাকার নুরু তালুকদারের ছেলে জাহাঙ্গীর, শাহআলম, মনির, দুলু, সুরুজ মিয়া ও তার ছেলে টিপু, সিদ্দিকের ছেলে ফয়েজ, নুরুল ইসলামের ছেলে মঈন, জামাল মেম্বারের ছেলে নেয়ামত, আঃ হাই-এর ছেলে সাহাবুদ্দীন, হাজী আতিক মিয়ার ছেলে আরিফ, আঃ বারেকের ছেলে টিটু, সিরাজুল ইসলামের ছেলে মেজবাহসহ একটি চক্র গ্রামের আরো অজ্ঞাত ১০-১৫জন মিলে আমার বাড়িতে হামলা করে। এ সময় তারা হামলা চালিয়ে লুটপাট ও ব্যাপক ভাংচুর চালায়। খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আঃ মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
ইব্রাহিমের স্ত্রী, বোন ও মা জানান, সন্ত্রাসীরা আমাদের ঘরের আলামারি ভেঙ্গে আলমারীতে থাকা নগদ টাকা, প্রায় ২৫ ভরির মত স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এ সময় তাদের বাধা দিতে গেলে তাদের অস্ত্রের আঘাতে হাজী আমির হোসেন, সবুজ ও বরকত উল্যাহ মারাত্মক আহত হয়। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম�ে�ক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আমাদের রক্ষা করতে এসে এরা আহত হয়েছে।
অভিযুক্ত তারপাল্লা গ্রামের নুরুল তালুকদারের ছেলে জাহাঙ্গীর, শাহআলম, মনির, দুলু জানান, আমরা ইব্রাহীমের বাবা আবুল খায়েরের কাছে ২৯ লাখ টাকা দীর্ঘদিন যাবৎ পাওনা আছি। সেই টাকা চাইতে গেলে তারা আমাদের উপর হামলা চালায়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, ইব্রাহিম থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয় হবে।
