চাঁদপুর নিউজ রিপোর্ট চাঁদপুরে মেঘনাপাড়ের চরভাঙ্গায় ৩১ মার্চ থেকে শুরু হতে হচ্ছে বাংলাদেশ স্কাউটস্-এর ৬ষ্ঠ জাতীয় কমডেকা। ১লা এপ্রিল ‘কমডেকার’ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের কমডেকার (কমিউনিটি ডেভলপমেন্ট ক্যাম্প) থীম হচ্ছে : ‘টেকসই সমাজ বিনির্মাণে স্কাউটিং’। হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের চরভাঙ্গা এলাকার মেঘনা নদীর পূর্ব পাড়ে প্রায় ১শ’ ২০ একর সমতল ভূমি জুড়ে বিশাল এ আয়োজনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ৬ দিন ব্যাপী এ কমডেকা শেষ হবে ৫ এপ্রিল। গত ১মাস ধরে সরকারের মন্ত্রী, এমপি, সচিব, জেলা প্রশাসক ও পুলিশাক সহ সরকারের উর্ধতন কর্মকর্তাগণ কমডেকার প্রস্তুতির খোঁজ-খবর নিচ্ছেন।
চাঁদপুর জেলা স্কাউটস্ অফিস সূত্রে জানায়, এবারের কমডেকায় দেশ ও দেশের বাইরে থেকে ৭ হাজার ৪শ’ স্কাউট, রোভার স্কাউট সদস্য ও কর্মকর্তাগণ। এর মধ্যে এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশ থেকে অংশ নেবে প্রায় ৪শ’ জন। ৭ হাজারের মধ্যে সবচেয়ে বেশি অংশ নেবে চাঁদপুর জেলা থেকে। এ সংখ্যা হচ্ছে মোট ৮শ’। এর মধ্যে স্কাউট ও রোভার স্কাউট সদস্য সাড়ে ৭শ’ আর কর্মকর্তা রয়েছেন ৫০ জন। এ বিপুল সংখ্যক অংশগ্রহণকারীর আবাসনের জন্যে কমডেকা মাঠে প্রায় ১২শ’ তাঁবু টানানো হয়েছে বলে আবাসনের দায়িত্বে থাকা কর্মকর্তাগণ জানিয়েছেন।
কমডেকার আবাসন সাব-কমিটির সহকারী পরিচালক রাসেল আহমেদ, সুধীর চন্দ্র বর্মন ও মো. আনোয়ার হোসেন জানান, সেখানে স্কাউট সদস্যদের জন্যে সিঙ্গেল টয়লেট করা হবে ৪শ’ টি। ছেলে-মেয়ের জন্যে পৃথক বাথরুম (গোসলখানা) থাকবে ১৮টি। প্রতিটি ১৩ ফুট লম্বা। আর বিদেশী অংশগ্রহণকারী মেহমান ও কর্মকর্তাদের জন্যে থাকবে ভিভিআইপি জোন। তাদের জন্যে ২৬টি এটাস্ট বাথরুম টয়লেটসহ থাকবে। ৩৮টি শ্যালো টিউবওয়েল বসানো হয়েছে। এসব টিউবওয়েলে মোটরের সাহায্যে পানি উত্তোলন করা হবে। আর রিজার্ভ করার জন্যে ১ হাজার লিটার ধারণ ক্ষমতার ৩৮টি পানির ট্যাংকি বসানো হয়েছে। খাবারের জন্যে পানির ব্যবস্থা করা হবে নদী থেকে। অর্থাৎ নদী থেকে পানি তুলে তা শোধন করে বিশুদ্ধ খাবার পানি হিসেবে প্রত্যেক তাঁবুতে সরবরাহ করা হবে। বিদ্যুৎতায়নের কাজও প্রায় সম্পন্ন। সব মিলিয়ে কমডেকা কেন্দ্রিক মহাকর্মযজ্ঞ চলছে চরভাঙ্গায় মেঘনার তীর ঘেঁষে খোলা মাঠ জুড়ে।
কমডেকা বিষয়ে বাংলাদেশ স্কাউটের পরিপত্র থেকে জানা গেছে, কমডেকা হচ্ছে স্কাউট ও রোভার স্কাউটদের জীবনের অন্যতম আকর্ষণীয় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম। যেখানে অংশগ্রহণকারী স্কাউট ও রোভার স্কাউটরা নিজেদের প্রশিক্ষণলব্ধ দক্ষতা প্রদর্শন, পরস্পরের সাথে বন্ধুত্ব স্থাপন ও স্থানীয় জনসাধারণের সাথে মিলেমিশে সমাজ উন্নয়নে নিজেদের সম্পৃক্ত করতে পারে। অংশগ্রহণকারীদের কাছে এবারের কমডেকাকে আকর্ষণীয়, উপভোগ্য, আনন্দদায়ক ও স্মরণীয় করে তোলার লক্ষ্যে শিক্ষণীয়, বৈচিত্রময় ও চ্যালেঞ্জিং কমডেকা প্রেগ্রাম প্রণয়ন করা হয়েছে। কমডেকায় চ্যালেঞ্জসমূহ ‘লক্ষ্য’ এবং কেন্দ্রীয় অনুষ্ঠান সমূহ ‘উদযাপন’ নামে পরিচিত হবে।
