
মিজান লিটন
চাঁদপুর জুড়ে এখন উপজেলা নির্বাচনের উৎসব চলছে। সেই ভোটের আগে ভোট চাঁদপুর মাছ ঘাটের নির্বাচন। রঙ্গিন পোস্টারে ছেয়ে গেছে শহর এলাকা সহ নদীর তীরবর্তী হাট-বাজার ও মৎস্য আড়ত গুলোতে। রঙ্গিন সাজে সেজেছে রেলওয়ে বড় স্টেশন ও মাছ ঘাট এলাকা। নির্বাচনী তফসিল অনুযায়ী আজ ২০ ফেব্রুয়ারি চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লি: (রেজি: নং-০৫)ব্যস্থাপনা কমিটির নির্বাচন-২০১৪ খ্রিঃ অনুষ্ঠিত হবে। নির্বাচনের সকল আয়োজন প্রায় সম্পন্ন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা শেষ পর্যায়ের নির্বাচনী গণসংযোগ ও প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন। ১২ সদস্য বিশিষ্ট কমিটির এ নির্বাচনে ভোট লড়াইয়ে আছেন ১৫জন প্রার্থী। এর মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এ পদে নির্বাচন হবে না। সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দু�জন করে প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ৮জন পরিচালক পদে প্রার্থী রয়েছে ৯জন। এ নির্বাচনে সমিতির ভোটার ২৮৬জন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, সভাপতি পদে আলহাজ্ব মোঃ মিজানুর রহমান (কালু) ভূঁইয়া তার প্রতীক চেয়ার। একই পদে অপর প্রার্থী আব্দুল খালেক মাল তার প্রতীক বাই সাইকেল। সহ-সভাপতি পদে লড়ছেন মিনহাজুল হক মিনা বেপারী (কাঁঠাল) প্রতীক নিয়ে। ও হাজী জয়নাল মাল (বই)। সাধারণ সম্পাদক পদে মো: ইদ্রিস আলী গাজী (গরুর গাড়ী)ও হাজী মো: আনোয়ার হোসেন গাজী (মাছ)। উল্লেখিত পদে একে অপরের সাথে তুমুল লড়াই হবে। সহ সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন হাজী মো: হযরত আলী বেপারী। ৮জন পরিচালক পদের নির্বাচনে ৯জন প্রার্থীরা হলেন, মো: সিরাজুল ইসলাম বেপারী (মই চঙ্গা), সুমন খান (মোরগ), বিল্লাল কাজী (আনারস), সালাউদ্দিন খান (মোমবাতি), মো: মুনসুর আহমেদ বন্দুকশী (চাকা), মো: জামাল খান (দোয়াত কলম), মো: জাহাঙ্গীর জমাদার (কুঁড়ের ঘর), আব্দুল খালেক বেপারী (হাঁস) ও কেশক ভৌমিক (কলস)। নির্বাচন পরিচালনার জন্য দায়িত্ব পালন করছেন ৩ সদস্যের কমিটি। জেলা সমবায় কার্যালয়, চাঁদপুর পরিদর্শক মো: মোতালেব খান প্রধান নির্বাচন কমিশনার, অপর ২জন হলেন, কমিশনার সফিউল্যাহ হাওলাদার ও হাজী মো: জালাল উদ্দিন (বাবুল), জমাদার। মৎস্য বণিক সমবায় সমিতি কার্যালয়ের সহকারী সচিব কাজী মো: হানিফ জানান, নির্বাচনের সকল প্রস্তুতি রয়েছে। আজ সকাল ১০ টা থেকে একটানা ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইতিমধ্যে প্রশাসনিক সহযোগিতা কামনা করে পুলিশ সুপার চাঁদপুর, জেলা সমবায় কর্মকর্তা, চাঁদপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, সদর উপজেলা সমবায় কর্মকর্তা ও রেলওয়ে থানা ওসি চাঁদপুরকে চিঠি দেয়া হয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা কমিটির আশাবাদ।
