
মিজান লিটন
আজ ২৩ ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে বহুল আলোচিত হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়্যারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ২জনসহ মোট ১০জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে লড়াই হবে আওয়ামী লীগ-বিএনপি সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে। ইতিমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত থাকবে ৫জন ম্যাজিস্ট্রেটের অধীনে ৯ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনী এবং পুলিশের ১৬টি মোবাইল টিম সার্বক্ষণিক কাজ করবে।
চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডঃ মোখলেছুর রহমান (ঘোড়া), আওয়ামী লীগ সমর্থিত উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক মোঃ নূর হোসেন পাটওয়ারী (দোয়াত-কলম), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া (মোটর সাইকেল), উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কায়কোবাদ চুন্নু সরকার (কাপ পিরিচ) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিএম ফজলুর রহমান (চশমা), আওয়ামী লীগ সমর্থিত ৬নং চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ সোহেল হাওলাদার (উড়োজাহাজ), উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মনির সরকার (বই) ও ৩নং আলগী দুর্গাপুর (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের মেম্বার আওয়ামী লীগ সমর্থক এসএম কবির (চাপ কল) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা দল সদস্য ও ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা সদস্য মাকছুদা বেগম (ফুটবল) এবং উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী শেলিনা আক্তার (শেফালী) (হাঁস) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হারুন-অর-রশিদ নির্বাচন হতে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোয় বিএনপি সমর্থিত একমাত্র প্রার্থী অ্যাডঃ মোখলুছুর রহমান জেলা আহ্বায়ক শেখ ফরিদ আহমদ মানিকের সমর্থন ও দলীয় কোন্দল নিরসন হওয়ায় সুবিধাজনক অবস্থানে রয়েছেন এবং একজন প্রবীণ আইনজীবী হিসেবে জনসমর্থনেও এগিয়ে। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোঃ নূর হোসেন পাটওয়ারী চট্টগ্রাম বিভাগীয় শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী ও একজন সমাজসেবক হিসেবে উপজেলায় তার ব্যাপক পরিচিত রয়েছে। তার পক্ষে স্থানীয় সাংসদ ডাঃ দীপু মনির নির্দেশে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন একাট্টা হয়ে কাজ করার প্রচার-প্রচারণায় বেশ এগিয়ে রয়েছেন। আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া (মোটর সাইকেল)। এ ৩জনের মধ্যেই চেয়ারম্যান পদে লড়াই হওয়ার আভাস পাওয়া গেছে।
ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত জি.এম. ফজলুর রহমান মরহুম আলহাজ্ব আব্দুল মজিদের ছেলে, উপজেলা পরিষদের সামনেই তার বাড়ি এবং উপজেলা সদর আলগী বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে উপজেলায় অত্যন্ত পরিচিত ও জনপ্রিয়। পারিবারিক ও ব্যক্তিগত ইমেজ কাজে লাগিয়ে উপজেলায় ব্যাপক গণসংযোগ করায় তার বিজয়ের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। আওয়ামী লীগ সমর্থিত উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সোহেল হাওলাদারের পক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। অপর প্রার্থী আওয়ামী লীগ সমর্থক এসএম কবিরও একজন শক্তিশালী প্রার্থী হিসেবে শক্ত প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি করেছেন। এ ৩জনের মধ্যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ থাকার সম্ভাবনা রয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী সমানতালে এগিয়ে রয়েছেন। ইতিমধ্যে নির্বাচনী সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
নির্বাচনে উপজেলার ৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬৯ হাজার ৭শ’ ৮০জন। পুরুষ ভোটার ৩৫ হাজার ৭শ’ ১৮ জন, মহিলা ভোটার ৩৪ হাজার ৬২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৩১টি। ভোট কক্ষ রয়েছে ১শ’ ৮৬টি। এসব কেন্দ্রে ৩১জন প্রিজাইডিং অফিসার, ৬২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও প্রতিটি কক্ষে দুজন করে ১৮৬টি কক্ষে ৩শ’ ৭২জন পুলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখার জন্যে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আর্মড পুলিশ ও আনসারসহ ৯ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। ৫জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫টি ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের ১৬টি মোবাইল টিম সার্বক্ষণিক আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত থাকবে। চরাঞ্চলসহ গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা কর্মী নিয়োজত থাকবে।
নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন-২০১৪-এর সহকারী রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পুলিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ দেয়া হয়েছে এবং তারা কেন্দ্রে পৌঁছে গেছে। আশাকরি হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। আমি সুষ্ঠু নির্বাচনে হাইমচরের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।
