প্রতিনিধি
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর গ্রামের সফিকুল ইসলাম সরকারের সম্পত্তি একই এলাকার আঃ মান্নান তালুকদার জোরপূর্বক দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষরা যাতে উক্ত সম্পত্তি জোরপূর্বক দখল করতে না পারে এবং শান্তিপূর্ণ ভোগদখলে বিঘ্ন সৃষ্টি করতে না পারে সে জন্য আদালত ১৪৫ ধারার বিধানমতে নিষেধাজ্ঞা জারি করেন। একই সাথে মতলব দক্ষিণ থানাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আদালত।
জানা যায়, নারায়ণপুর গ্রামের আলী মিয়া সরকারের ছেলে মোঃ সফিকুল ইসলাম সাবেক ১৮৩ হাল ২০১নং নারায়ণপুর মৌজার সাবেক ৮১ হাল ৩১১ ও ৩৭০, খতিয়ানভুক্ত সাবেক ৫০৫ হাল ১২২৪, সাবেক ৫০৬ হাল ১২২৫ ও সাবেক ৫০৪ হাল ১২০৬ দাগে সাড়ে ৪টি দলিল মূলে ৭৯ শতাংশ ভূমি খরিদ সূত্রে মালিক। উক্ত সম্পত্তি ভোগদখলেও রয়েছেন সফিকুল ইসলাম। ইতিমধ্যে প্রতিপক্ষ মৃত দিল মোহাম্মদ তালুকদারের ছেলে আব্দুল মান্নান তালুকদার গং কতিপয় অপরিচিত ব্যক্তি দিয়ে তাদের ভোগ দখলকৃত সম্পত্তির উপর ইট, বালুসহ অন্যান্য মালামাল স্তূপ করে রেখেছে। তাদের মালিকীয় এবং দখলীয় সম্পত্তি হতে উচ্ছেদ করার জন্য হুমকি ধমকি দিয়ে আসছে বলে অভিযোগে জানা যায়। গত ৩১ মে বেলা আনুমানিক ১১টায় প্রতিপক্ষরা সফিকুল ইসলামের দখলীয় সম্পত্তিতে জোরপূর্বক বিল্ডিং নির্মাণ করে এবং দখলীয় সম্পত্তি অন্যত্র বিক্রি করতে হুমকি ধমকি দিয়েছে বলেও সফিকুল ইসলাম জানান। নিরুপায় হয়ে তিনি আদালতে মামলা দায়ের করেন।
