
চাঁদপুরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৬৫২জন। গতকাল একদিনে ৭৭টি রিপোর্টের মধ্যে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এই ৩২ জনের মধ্যে মৃত আছেন ২ জন। এরা হচ্ছেন চাঁদপুর শহরের ট্রাকঘাট এলাকাস্থ ম্যাচ ফ্যাক্টরী সংলগ্ন সফিকুল ইসলাম সাইফুল (৬৫) এবং শাহরাস্তির মজিবুল হক (৬০)। এরা করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর তাদের স্যাম্পল পরীক্ষায় গতকাল পজিটিভ রিপোর্ট আসে। নতুন এই দুইজন মৃতসহ জেলায় এখন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা হচ্ছে ৪৯ জন।
গতকাল বুধবার চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে ৭৭ জনের রিপোর্ট আসে। এর মধ্যে পজিটিভ হচ্ছে ৩২ জন। যার শতকরা হার ৪১.৫৫ %। নতুন করে এই ৩২ জন আক্রান্তের উপজেলা ভিত্তিক সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদর ১১, শাহরাস্তি ১৮, হাজীগঞ্জ ১ ও হাইমচর ২।
চাঁদপুর সদরে আক্রান্ত ১১ জনের মধ্যে ৬ জন হচ্ছে কয়েকটি ইউনিয়নে আর বাকি ৫ জন হচ্ছে চাঁদপুর শহরে। এদের অবস্থান হচ্ছে : শাহমাহমুদপুর ইউনিয়নস্থ পল্লীবিদ্যুৎ এলাকায় ২ জন (পুরুষ, বয়স ২৫) (নারী, বয়স ৪৫), সকদী পাঁচগাও এলাকায় পুরুষ (বয়স ৪৩), কল্যাণপুর ইউনিয়নের দাসাদী গ্রামে পুরুষ একজন (বয়স ২৩), বিষ্ণুপুর ইউনিয়নস্থ হাসাদী গ্রামে একজন পুরুষ ও একজন মহিলা (বয়স ২৬), চাঁদপুর শহরের মহিলা কলেজ রোডে একজন পুরুষ (৫২), নাজির পাড়া এলাকায় ২ জন মহিলা (বয়স ৪৬ ও ১৭), পৌরসভার ১০নং ওয়ার্ড এলাকায় মৃত সফিকুল ইসলাম সাইফুল (বয়স ৬৫) এবং পৌরসভার অন্য একটি এলাকায় একজন।
সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানা গেছে, গতকাল পর্যন্ত চাঁদপুর থেকে ঢাকা স্যাম্পল পাঠানো হয়েছে ৩ হাজার ৯শ’ ৩৭ জনের। এর মধ্যে রিপোর্ট এসেছে ৩ হাজার ২শ’ ৯৬ জনের। রিপোর্ট পেন্ডিং অবস্থায় আছে ৬শ’ ৪১ জনের। এদিকে গতকাল নতুন করে আরও ১১ জনকে সুস্থ ঘোষণা করা হয়। এই ১১ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১শ’ ৮৪ জন। আর চিকিৎসাধীন রয়েছেন ৪শ’ ১৯জন।
