বাসের পর এবার দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। গত ৫ মে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন ভাড়ার হার ঘোষণা করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৭৭ পয়সা থেকে ২ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ দূরত্বে ভাড়া বেড়েছে কিলোমিটারপ্রতি ১৮ পয়সা।
অন্যদিকে ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে। ভাড়া বেড়েছে কিলোমিটারপ্রতি ১৪ পয়সা। একইভাবে নৌযানের সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বার্থে পুনর্নির্ধারিত এ ৫ মে থেকে কার্যকর হয়েছে। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হুন্দা পাল।
