
করোনা রোগীর সংখ্যা এবং ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে। ১৯ জুন শুক্রবার বিকাল চারটা থেকে চাঁদপুর শহরে জরুরি পরিসেবা ছাড়া সবধরণের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
শুক্রবার বিকাল চারটা থেকে চাঁদপুর শহরে জরুরি পরিষেবা ছাড়া সবধরণের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এজন্য পুলিশ, আনসার ব্যাটেলিয়ন এবং স্বেচ্ছাসেবকরা জনগণকে সচেতন করতে কাজ করছে। এমন তথ্য জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
তিনি আরো জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আজ চাঁদপুর পৌরসভার ১৫ টি ওয়ার্ডে একযোগে করোনা প্রতিরোধে গণ সচেতনামূলক প্রচারণা করা হয়েছে। আজ বিকেল ৪টা থেকে সন্ধ্যা সারে ৬ টা পর্যন্ত টানা আড়াই ঘন্টা এ প্রচারণা চলে। এতে আরো অংশগ্রহণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম ও তার মোবাইল কোর্ট, জেলা প্রশাসনের ৮০ জন ভলান্টিয়ার, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, পুলিশ সদস্যবৃন্দ, ব্যাটালিয়ান আনসার সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
এই প্রচারণার ফলে আজ বিকেল ৪ টার মধ্যে শহরের দোকান পাট (ফার্মেসী ও কাঁচাবাজার ব্যতীত) সব নিয়ম মেনে সবাই বন্ধ করে দেন ব্যবসায়ীগণ। এর মধ্যেও ৫ জন ব্যবসায়ী আইন অমান্য করায় তাদেরকে ৫হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়। প্রচারণাকালীন পথচারীদের মাঝে ৩০০ মাস্ক বিতরণ করা হয়। কয়েকজন করোনা রোগীর বাসায় উপহার (ফলমূল) বিতরণ করা হয়।
সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, করোনা রোগীর সংখ্যা এবং ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া মাত্র সেখানে রেড জোন ঘোষণা করা হবে।
