কচুয়ায় অসামাজিক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পতিতা ও খদ্দেরসহ ২ জনকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ আশরাফ হোসেন এ রায় দেন। কারাদন্ডপ্রাপ্তরা হচ্ছে : কচুয়া উপজেলার পাথৈর গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র সিএনজি স্কুটার চালক আঃ হান্নান (২৩) ও কুমিল্লার চান্দিনা উপজেলার কালিকাপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম (৪০)।
জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চানপাড়া গ্রামে সাবেক ইউপি সদস্য নুরুল ইসলামের দোকানের সামনে সন্দেহভাজন অবস্থায় সিএনজি স্কুটার চালক হান্নান ও ফাতেমা বেগমকে আটক করে স্থানীয় জনতা। পরে পুলিশকে খবর দিলে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোঃ মোস্তফা চৌধুরী তাদের জনতার হাত থেকে উদ্ধার করে এবং পরদিন বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে দ-বিধি ২৯১ ধারায় ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
