
রফিকুল ইসলাম বাবু ঃ
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশে করোনা ভাইরাস সংক্রমণরোধে সরকার কাজ করে যাচ্ছেন। বিদেশ থেকে যারা দেশে আসছেন তাদেরকে পরীক্ষা না করে দেশে ঢুকতে দেওয়া হচ্ছে না। যেখানে কোয়ারেন্টাইন করা প্রয়োজন সেখানে তা করা হচ্ছে। এই ভাইরাস মোকাবেলায় সরকার সকল প্রস্তুতি গ্রহণ করেছে।
তিনি বুধবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমীতে ৩দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলা সাহিত্যে নজরুলের প্রভাব অনেক। বাংলার এমন কোন দিক নেই যেখানে নজরুল তার ছাপ রেখে যাননি। আমাদের মুক্তযুদ্ধেও নজরুলের অনেক ভূমিকা ছিল। তার রচিত গানের মাধ্যমে মুক্তিযোদ্ধারা অনুপ্রানিত হয়েছি। যতদিন বাংলা থাকবে, বাঙালী থাকবে, ততোদিন নজরুল থাকবে দোর্দান্ড প্রতাপে।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট্য ছড়াকার-শিশুসাহিত্যিক সাবেক সচিব ফারুক হোসেন, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. আব্দুর রাজ্জাক ভূঞা, প্রকল্প পরিচালক মো. আব্দুর রহিম।
আজকে থেকে শুরু হয়ে আগামী শুক্রবার পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
