প্রতিনিধি
আগামীকাল ২৩ মার্চ রোববার শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। ইতিমধ্যে প্রচার-প্রচারণা শেষ হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। এবারের নির্বাচনে ৫৭ কেন্দ্রে ১ লাখ ৪১ হাজার ৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতীক পেলেও নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ নেতা ওয়াহিদুর রহমান বাঙালি। প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান বিএনপি সমর্থিত প্রার্থী দেলোয়ার হোসেন মিয়াজী, জেলা আওয়ামী লীগ উপদেষ্টা কমিটির সদস্য আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হুমায়ুন কবির মজুমদার ও কল্যাণ পার্টির সমর্থিত সৈয়দ জিলান মিয়া।
ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতীক পেলেও ৩ জন প্রার্থী ইতিমধ্যে সমঝোতা ও সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তারা হলেন – নূরুল হক নূরু, শেখ বেলায়েত হোসেন সেলিম ও এহতেশামুল গণি। বর্তমানে নির্বাচনী মাঠে রয়েছেন বিএনপির শাহ মোহাম্মদ আলী, আওয়ামী লীগ সমর্থিত রেজাউল করিম মিন্টু ও জামায়াতে ইসলামীর মাওঃ আবুল হোসাইন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত কামরুন্নাহার, বিএনপির হাছিনা আক্তার ও শাহনাজ আক্তার।
নির্বাচন উপলক্ষে সর্বত্র উৎসাহের আমেজ বিরাজ করছে। শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের ভোট প্রদানে প্রশাসনের সহযোগিতা কামনা করছে জনগণ।
