বিএনপির কেন্দ্রীয় নেতা ড. জালাল উদ্দিনের নির্মাণাধীন তিনতলা ভবনে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। গত ৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৫টায় মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা ওই ভবনের দরজা-জানালা, টাইলস্ ভাংচুর করে রড ও সিমেন্ট ভর্তি বস্তা নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্তরা জানায়।
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এমদাদ হোসেন জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর-২ নির্বাচনী এলাকার মতলব দক্ষিণের বোয়ালিয়া এলাকায় শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিল করে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। খবর পেয়ে শাসকদলের নেতা-কর্মীরা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিনের নির্মাণাধীন ভবনে ঢুকে তা-ব চালিয়ে ওই ভবনের দরজা-জানালা ও টাইলস্ ভাংচুর করে। এর পূর্বে তারা আমার বাড়ি এবং যুবদল নেতা কামরুলের বাড়িসহ বিভিন্ন নেতা-কর্মীদের বাড়িতে হানা দেয়।
এ ব্যাপারে ড. জালাল উদ্দিন বলেন, আমার দলের নেতা-কর্মীরা দুপুরে শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় কর্মসূচি পালন করে ঘরে ফিরে যায়। কিন্তু বিকেলের দিকে আকস্মিকভাবে ছাত্রলীগ নেতা-কর্মীরা আমার নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে লাখ লাখ টাকার ক্ষতি করে। শুধু তাই নয়, আমার বিল্ডিংয়ের কেয়ারটেকার জাকিরকেও তারা মারধরের চেষ্টা চালায়।
