
স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ১৪ আগস্ট সোমবার সন্ধ্যায় চাঁদপুরের জেলা প্রশাসকের বাংলোতে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তার। বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সিভিল সার্জন মতিউর রহমান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএ মতিন মিয়া, জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকতা কানিজ ফাতেমা, প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহিন, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উল্যাহ অলি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, দেশের বিভিন্ন জেলায় বন্যার থেকে পানি নেমে যাওয়ার সাথে সাথে চাঁদপুরে বন্যা দেখা দিতে পারে। এজন্য বিষয়টি আমাদের গুরুত্বের সাথে নজরে এনে সকল ধরনের আগাম প্রস্তুতি গ্রহন করতে হবে। এখানে যেটি সবচেয়ে বড় সমস্য তা হলো, বন্যা পরবর্তী নদী ভাঙন এবং নদী পারাপারে ঝুকিপূর্ণতা। তাই বিষয়টি আমাদের গুরুত্বের সাথে বিবেচনায় রাখতে হবে।
তিনি বলেন, চাঁদপুর সিভিল সার্জনের মাধ্যমে পুরো জেলায় বেশকিছু মেডিকেল টিম গঠন করে প্রতিটি মেডিকেল টিমে ১জন করে চিকিৎসকসহ সহযোগী রাখা হবে। তাছাড়া পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, ঔষধ, খাবার স্যালাইন রাখা হবে এবং ফায়ার সার্ভিস, নৌ ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, পুলিশ, নৌ-পুলিশ সর্বদা প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়াম লীগের সভানেত্রী মাসুদা নূর খান, মহিলা অধিদপ্তরের প্রগ্রামার সাজিয়া অফরিন, কোস্ট গার্ড সিপিও মো. মোশারফ হোসেন, জনস্বস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী, মাহমুদ কবির চৌধুরী, ফায়ার স্টেশন কর্মকর্তা মো. নাজির আহমেদ প্রমুখ।
