
চাঁদপুর: ঘুর্ণিঝড় ‘ইয়াস’ এর কারণে দুইদিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে চাঁদপুর-ঢাকার মধ্যে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ। এর আগে মঙ্গলবার বিকেলে স্থানীয় সতর্ক সংকত ৩ নম্বর হওয়ার পর থেকে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার (২৭ মে) দুপুর থেকে পুন:রায় আবারও চাঁদপুরঘাট থেকে সিডিউল অনুযায়ী লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা কায়সারুল ইসলাম।
দুপুরে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের যাত্রীবাহী নৌযান চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানান।
তিনি জানান, এক ইঞ্জিন ব্যতীত অন্যান্য যাত্রীবাহী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে সরকার গণপরিবহণ বন্ধ করে দেয়, সে সময় দীর্ঘ ৪৯দিন বন্ধ থাকে লঞ্চ। দুইদিন চলার পর আবার ঘুর্ণিঝড় ‘ইয়াস’ এর কারণে ট্রেন ও বাস চললেও বন্ধ হয়ে যায় লঞ্চ।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/
