
চাঁদপুর পৌরসভা নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে তৃতীয় রিট করা হয়েছে। গতকাল মঙ্গলবার তৃতীয় দফায় হাইকোর্ট বেঞ্চে এ রিট (২১৫৬/২০২০) করা হয়। রিটটি দাখিল করেন পুরাণবাজারের পানগোলা এলাকার বাসিন্দা মালেক বেপারীর ছেলে আলী বেপারী। এই রিটেও করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে স্থগিতাদেশ চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে চাঁদপুর পৌরসভা নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছিলো। গত রোববার (২০ সেপ্টেম্বর) শুনানি শেষে রিটটি খারিজ করে দেন বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মোঃ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ। খারিজের দিনে একই বেঞ্চে চাঁদপুর পৌরসভা নির্বাচন স্থগিত চেয়ে নতুন আরেকটি রিট করেন পুরাণবাজার এলাকার মোঃ আবুল খায়ের মিজি। তিনি করোনা পরিস্থিতি, কথিত বন্যা ও নদী ভাঙ্গন পরিস্থিতি এবং নিজে প্রার্থী হতে না পারার কথা উল্লেখ করে চাঁদপুর পৌরসভা নির্বাচন স্থগিত চেয়েছেন। এ রিটের দিন সন্ধ্যায় নৌকার মেয়র প্রার্থী অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল এক সংবাদ সম্মেলনে বলেন, আমি একজন আইনজীবী। আমি রিটের মেরিট দেখে বলছি, ইনশাল্লাহ আগামী ১০ অক্টোবরের নির্বাচন ১০ সেকেন্ডের জন্যে পেছানোর কারণ ঘটবে না।
গত ১৩ সেপ্টেম্বর হাইকোর্টের একটি বেঞ্চে চাঁদপুর পৌর নির্বাচন স্থগিত চেয়ে পৃথক রিট করা হয়। রিটকারীরা হচ্ছেন পৌরসভার জিটি রোডের বাসিন্দা মাহবুব আলম আখন্দ ও পুরাণবাজার উত্তর শ্রীরামদীর বাসিন্দা মোঃ হাসিবুল হাসান। সেটিই খারিজ হয়ে যায়।
গত ৩ সেপ্টেম্বর চাঁদপুর পৌর নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ১৫ সেপ্টেম্বর জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ১০ অক্টোবর শনিবার ভোটগ্রহণ।
চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩জন প্রার্থী অংশ নিচ্ছেন। তারা হলেন : আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আক্তার হোসেন মাঝি এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মামুনুর রশিদ বেলাল।
চাঁদপুর নিউজ সংবাদ
