গতকাল রোববার সকালে চাঁদপুর শহরের প্রেসক্লাব সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মোটরসাইকেল আরোহী দু’ ছিনতাইকারী এক নারীর পথরোধ করে দেশীয় অস্ত্র ঠেকিয়ে এ ছিনতাইয়ের ঘটনা ঘটায়। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলা করা হয়েছে।
জানা যায়, চাঁদপুর প্রেসক্লাব সড়কস্থ গৃহাঙ্গন নামে প্রতিষ্ঠানের আয়োজনে ও বিআরডিএসের উদ্যোগে গতকাল রোববার এলিট চাইনিজ রেস্টুরেন্টে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় অংশ নিতে অনুষ্ঠানস্থলে যাওয়ার পথে কর্মশালার ট্রেইনার জান্নাতুল ফেরদৌস এ ছিনতাইয়ের শিকার হন। মোটর সাইকেলযোগে দু’ ছিনতাইকারী প্রেসক্লাবে সড়কস্থ চাঁদপুর কালেক্টরেট স্কুলের নিকটে জান্নাতুল ফেরদৌসের রিঙ্া থামিয়ে ছুরি দেখিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটায়। ছিনতাইকারী দল ওই নারীর কাছ থেকে ১টি স্বর্ণের আংটি, ১টি স্বর্ণের চেইন, ১ জোড়া কানের দুল ও ১টি মোবাইল ছিনিয়ে নেয়। যার মূল্য হবে প্রায় ৬০ হাজার টাকা। এ ঘটনায় গতকালই জান্নাতুল ফেরদৌস চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালি উল্লা অলি বলেন, ছিনতাই মামলা করেছে, এটা রুজু হবে। ছিনতাইকারীকে খোঁজা হচ্ছে।
