
রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১ ডিসেম্বর শুরু হয়েছে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। মেলার ১দিন পার না হতেই শুরু হয়েছে ছিনতাই ও বখাটেদের আনাগোনা। মেলার দ্বিতীয় দিন শুক্রবার রাত ৮টায় মুক্তিযোদ্ধা সড়কের শাপলা স্টুডিওর সামনে মেলায় আগত ৪জনের মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাইকালে মো. হাসান বকাউল নামে ছিনতাইকারী জনতার হাতে আটক হয়। পরে তাকে নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রফিক ও কমিউনিটি পুলিশিং চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক সুফী খায়রুল আলম খোকন আটক করে থানায় নিয়ে যান। ছিনতাইকারী হাসান বকাউল শহরের পুরাণ বাজার রনাগোয়াল এলাকার মনির হোসেন বকাউলের ছেলে। পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। ছিনতাই এর শিকার ৪জন হচ্ছে: শ্রমিক আনিছুর রহমান, শাকিব, শরীফ হোসেন ও শিপন। তারা রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করে। সন্ধ্যায় মেলা দেখার জন্য তারা চাঁদপুরে আসেন। মেলায় আসা আরো কয়েকজন প্রতিনিধিকে জানান, মেলা কর্তৃপক্ষ সতর্ক না হলে এই ধরনের ঘটনা আরো বৃদ্ধি পাবে। চাঁদপুরের সার্বজনীন এ মেলায় সর্বস্তরের মানুষ প্রতিদিন মেলা দেখতে আসেন। তাই এই ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য ভুক্তভোগীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
