চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় গ্যাস সঙ্কট দেখা দিয়েছে। শহরের অনেক এলাকায় গত দুই সপ্তাহ ধরে চুলা ঠিকমতো জ্বলছে না। গ্যাস সঙ্কটের কারণে বিভিন্ন বাসা-বাড়িতে গৃহিণীরা চরম সমস্যায় পড়ছেন। দিনের বেলায় গ্যাস সঙ্কটের পাশাপাশি রাতেও সঙ্কট দেখা দিচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, শহর ও শহরতলীর কোনো কোনো এলাকায় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্যাস থাকে না। এরপর গ্যাসের চাপ বেড়ে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
চাঁদপুর শহরের নতুনবাজার, পুরাণবাজারের নিতাইগঞ্জ, মোম ফ্যাক্টরী, হরিসভাসহ বিভিন্ন এলাকায় অসংখ্য অভিযোগ রয়েছে গ্যাস নিয়ে। মোম ফ্যাক্টরী শেখ বাড়ির আঃ রাজ্জাক শেখ জানান, সকাল হতে বেলা ১টা পর্যন্ত গ্যাস থাকে না। নিতাইগঞ্জের বাসিন্দা জুয়েল জানান, তারাও একই ভোগান্তির শিকার।
অন্যান্য এলাকার ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক দিন ধরেই গ্যাস সঙ্কটে আমরা ভুগছি। গ্যাস ব্যবহার করতে না পারলেও মাস শেষে গ্রাহকেরা বিল পরিশোধ করে যাচ্ছে। গ্রাহক গ্যাস পাচ্ছে কিনা সেদিকে নজর নেই বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের।
এ ব্যাপারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ চাঁদপুর কার্যালয়ের ব্যবস্থাপক শহরের অনেক এলাকায় এবং মতলবে গ্যাস সমস্যার কথা স্বীকার করে বলেন, গ্যাসের ট্রান্সমিশন লাইনে সমস্যার কারণে চাঁদপুরের অনেক এলাকায় পিক আওয়ারে গ্যাস থাকে না। বিষয়টি আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি। ঠিক করতে সময় লাগবে।
