স্টাফ রিপোর্টার
চাঁদপুর হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা আলী আকবর মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। মরহুম আলী আকবর মিয়া হাজী মহসিন রোডস্থ সাবেক মুসলিম হোটেল ও বর্তমান রুচি হোটেলের মালিক ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে অসংখ্য আত্মীয় স্বজন, নাতি-নাতনীসহ শুভাকাক্সক্ষী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ মাগরিব বেগম জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে বাস স্ট্যান্ড পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন আদালত পাড়া জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন। জানাজা পূর্বে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহাম্মেদ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সফিউদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, নতুনবাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর জেলা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক আঃ আজিজ দেওয়ান, জেলা যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বিল্লাল, মরহুমের বড় ছেলে মোস্তফা আনোয়ার লিটন।
মরহুম আলী আকবর মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল ভোর সাড়ে ৬টায় তিনি মারা যান। তাকে গার্ড অব অনার দেয়া হয়। তার মৃত্যুতে জেলা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে বিকেল ৪টা থেকে ৭টা পর্যন্ত শহরের সকল হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা হয়।
