
চাঁদপুর: চাঁদপুরে করোনার টিকা নিতে প্রথমে সাধারণ মানুষের আগ্রহ কম থাকলেও এখন বাড়তে শুরু করেছে। প্রথম দিকে প্রশাসন, পুলিশ, চিকিৎসক, নার্স, শিক্ষক ও সাংবাদিকরা করোনার প্রথম ডোজ টিকা নিলেও সাধারণ মানুষ খুবই কম এসেছে। তবে এখন সাধারণ মানুষের মধ্যে টিকা নেয়ার আগ্রহ বেড়েছে।
যার প্রমাণ মিলেছে শনিবার (১৭ এপ্রিল) ৪র্থ রমজানের দিনে। রোজা রেখেও অনেক নারী-পুরুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চাঁদপুর সরকারি জেনারেল হসাপাতালের সংক্রমন ওয়ার্ডে এসে টিকা গ্রহন করেছেন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাগেছে, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সংক্রমণ ওয়ার্ডে আজকে করোনার প্রথম ডোজের টিকা নিয়েছেন পুরুষ ১৪জন এবং নারী ১১জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন পুরুষ ৭৪৪জন এবং নারী ৪২০জন। এভাবে জেলার অন্য ৭ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে প্রতিদিনই সাধারণ মানুষের করোনার টিকা গ্রহনের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।
গত ৩১ জানুয়ারী প্রথমবার ও ৯ এপ্রিল দ্বিতীয়বারে চাঁদপুর জেলার জন্য করোনাভাইরাসের টিকা বরাদ্দ আসে যথাক্রমে ৭২ হাজার ও ৩৯ হাজার ডোজ।
সিভিল সার্জন কার্যালয়ের ১৬ এপ্রিলের প্রতিদিনের করোনা প্রতিবেদন সূত্রে জানাগেছে, এ পর্যন্ত জেলায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২২ হাজার ৮শ’ ৬৮জনের। এর মধ্যে প্রজিটিভ ৩৭৫১জন। রোগী সংখ্যা ৩৭৭০জন। জেলায় এ পর্যন্ত সুস্থ্য হয়েছে ৩০৫৫জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১০৩জন। আইসোলেশনে চিকিৎসাধীন রোগী ২৭জন।
এদিকে চাঁদপুর জেলায় করোনা সন্দেহ মৃত্যু অব্যাহত। ১৬ এপ্রিল চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে করোনা সন্দেহে মৃত ব্যাক্তির কাফন ও দাফন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার স্বেচ্ছাসেবক টিম।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/
