চাঁদপুর: সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও আটকের মধ্যদিয়ে চাঁদপুরে ১৮ দলীয় জোটের ডাকা মঙ্গলবারের (১২ মার্চ) হরতাল শুরু হয়েছে।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক ও চাঁদপুর-মতলব-পেন্নাই সড়ক ভোর থেকে পিকেটাররা গাছ ফেলে ও টায়ারে আগুন দিয়ে অবরোধ করে রাখে। এসময় তারা অন্তত ১০টি ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করে।
খবর পেয়ে পুলিশ এসব ব্যারিকেট সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে।
এদিকে, শহরে হালকা যানবাহন চলাচল করলেও দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
সকালে ফরিদগঞ্জে পিকেটিংকালে বিএনপির চার কর্মীকে আটক করেছে পুলিশ। শহরে হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল করতে দেখা গেছে।
চাঁদপুর পুলিশ সুপার আমির জাফর জানান, হরতালে যে কোনো ধরনের নাশকাতা ঠেকাতে পুলিশ সর্তক রয়েছে।
