মনিরুল ইসলাম মনির:
চাঁদপুরে চা দোকানির লাঠির আঘাতে আবু মুসা (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে শহরের রহমতপুর কলোনী আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মুসা ওই এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয়দের উদ্বৃতি দিয়ে পুলিশ জানায়, রহমতপুর কলোনী এলাকায় বশিরের চায়ের দোকানে মুসা কয়েল কিনতে যায়। এ সময় দোকানি বশির তাকে বাকিতে কয়েল দিতে অস্বীকার করেন।তিনি মুসার সঙ্গে দুর্ব্যবহারও করেন।
এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে বশিরের ভাই নাছির, মহসিন ও মামুন মুসার উপর লাঠি নিয়ে হামলা চালায়।
এতে গুরুতর আহত মুসাকে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে ঢাকায় নেওয়ার পথে কুমিল্লার চান্দিনায় মুসার মৃত্যু হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ বলেন, “বিষয়টি আমরা জেনেছি। তবে এই ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ করেনি।”
পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে বলে জানান ওসি।
এ ব্যাপারে মুসার পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
