
প্রতিনিধি
চাঁদপুরে পুলিশের ওপর হামলা চালানোসহ বিভিন্ন অভিযোগে ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের মধ্যে ছাত্রলীগের নেতা-কর্মীরাও রয়েছেন। চাঁদপুর ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা গত শুক্রবার মডেল থানায় এ মামলা করেন। এ ঘটনায় পুলিশ যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদুল ইসলাম রোমানসহ ১১ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ এ মামলার ২ নম্বর আসামি জেলা যুবলীগের সদস্য ইকবাল ব্যাপারীকে গ্রেপ্তার করেছে।
চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) মাহবুব মোল্লা বলেন, এ মামলায় বেআইনিভাবে জড়ো হয়ে সরকারি কাজে বাধা দেওয়া, পুলিশ সদস্যদের মারধর, পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশকে হত্যার হুমকির অভিযোগ আনা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে ছাত্রলীগ নেতা রোমানসহ তিনজন একটি মোটরসাইকেলে ওঠায় পুলিশ তাঁদের থামায় এবং মোটরসাইকেলটি আটক করে। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় প্রায় এক ঘণ্টা শহরে যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ৩৯টি ফাঁকা গুলি ছোড়ে এবং ছাত্রলীগের নেতা-কর্মীদের লাঠিপেটা করে।
