দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটছে অহরহ
শাহরিয়ার খান কৌশিক।। চাঁদপুরে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা অহরহ ঘটেই যাচ্ছে। একের পর এক দুর্ধর্ষ চুরির ঘটনায় চাঁদপুরবাসী আতঙ্কিত। গত এক মাসে এ পর্যন্ত ফ্লাট বাসায় ও ব্যবসা প্রতিষ্ঠানে তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা বেশ কয়েকটি ঘটেছে।
শনিবার দুপুর আড়াইটায় চাঁদপুর ৩ আসনের এমপি আলহাজ্ব ডাক্তার দীপু মনি এমপি বাসার পিছনে আদালত পাড়ায় ফ্লাট বাসায় নিচ তলায় গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। লেডি দেহলবী স্কুলের শিক্ষিকা সুশীল কুমার সাহার স্ত্রী অর্চনা রানী সাহার বাসার পিছনের গ্রিল কেটে ভিতরে ঢুকে আসবাবপত্র তছনছ করে। এ সময় চোর চক্ররা তার বাসার আলমারি ভেঙ্গে ২৫ ভরি স্বর্ণ ও অর্ধ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই রেজাউল নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন।
শ্রী অর্চনা রানী সাহা পুলিশকে জানায়, প্রতিদিনের ন্যায় সকালে লেডি দেহলবী স্কুলে চলে যায়। স্কুল থেকে দুপুর আড়াইটায় বাসায় এসে দরজা তালা খুলে ভিতরে আটকে রাখা হয়েছে দেখতে পায়।
ওই সময় বাসার ভিতর আওয়াজ শুনতে পায়। সাথে সাথেই বাড়ির মালিক কে ঘটনাটি জানায়। ওই সময় চোর চক্ররা বুঝতে পেরে দ্রুত পিছনে গ্রিল কাটা জালানা দিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছেন।
এদিকে গত শুক্রবার সকাল সাড়ে সাতটায় চাঁদপুরের প্রাণকেন্দ্র কালিবাড়ি এলাকার চাঁদপুর মেডিকেল ঔষধের দোকানের পাশে নোকিয়া টেলিকম মোবাইল ও বিকাশের দোকান এবং টাউন হল মার্কেট এর নিচ তলায় জনতা ওষুধের ফার্মেসির দোকানের তালা ভেঙে ২ লক্ষ টাকা ও দুটি মোবাইল সেট চুরি করে নিয়ে যায়।
এছাড়া গত কয়েকদিন পূর্বে শহরের মাদ্রাসা রোড নিঝুম বিলার নিচ তলায় সাইফুল ও মোতাহের ইসলামের বাসা পিছনের গ্রিল কেটে সাড়ে ২৬ ভরি স্বর্ণ নগদ ২ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। ঘটনার পরেই চাঁদপুর মডেল থানা পুলিশ সহকারী পুলিশ সুপার ও পি আই বি ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন।
সেই দুর্ধর্ষ চুরির ঘটনায় এখনো পুলিশ কাউকে আটক করতে সক্ষম হয়নি ও চুরি হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি।
এর দুদিন পরে শহরের গুয়াখোলায় ইদ্রিস আলী বাসার নিচ তলার ভাড়াটিয়া সৌদি প্রবাসী মনসুর আহাম্মেদের বাসার পিছনের গ্রিল কেটে চুরি করার সময় হাতে নাতে এক চোরকে স্থানীয়রা আটক করতে সক্ষম হয়। পরে মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে চোরকে আটক করে থানায় নিয়ে আসে।
এভাবে চাঁদপুর শহরে একের পর এক দিনে দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটার কারণে চাঁদপুরবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। বহিরাগত থেকে আসা বেশ কয়েকটি সিন্ডিকেট চোর চক্র চাঁদপুরে স্থানীয় চোর চক্রদের সহযোগিতা নিয়ে দিনের পর দিন এ ধরনের দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এসব চুরির ঘটনায় প্রকৃত চোরদের আটক করতে না পারায় ও চুরি হওয়া মালামাল উদ্ধার করতে না পারায় এবং আইনশৃঙ্খলা দিন দিন অবনতি হচ্ছে বলে ধারণা করছে সচেতন মহল।
