
রফিকুল ইসলাম বাবু ঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নবম শ্রেণীর এক ছাত্রীকে জবাই করে হত্যা করে লাশ স্কুলের কক্ষে রেখে দিয়েছে হত্যাকারীরা। প্রায় এক মাস ধরে ওই ছাত্রী নিখোঁজ ছিল। তার নিখোঁজের বিষয়ে থানায় জিডি ছিল। ওই ছাত্রীর নাম কাকলী। সে ইসলামাবাদ সপ্তমগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। তার পিতার নাম ভজন মিস্ত্রি। বাড়ি নইসলামাবাদ ইউনিয়নের উত্তর ইসলামাবাদ গ্রামে। পুলিশ জানায়, বুধবার সকালে স্থানীয় শিশুরা ইসলামাবাদ ইউনিয়নের সপ্তমগ্রাম উচ্চবিদ্যালয় সংলগ্ন অক্সফোর্ড কিন্ডারগার্টেনের মাঠে খেলাধুলা করছিল। তাদের খেলার বলটি কিন্ডারগার্টেনের একটি কক্ষে গেলে সেই বল কুড়াতে গিয়ে শিশুরা একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা এসে কাকলীকে সনাক্ত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে এবং লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় কেউ আটক হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
