
প্রতিনিধি =
চাঁদপুর-লাকসাম রেলপথের বিভিন্ন স্থানে লাইন উপড়ে ফেলা, রেলপথে অগ্নি সংযোগ, ট্রেনে ও স্টেশনে ভাংচুরের ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে ৫টি পৃথক মামলা দায়ের করা হয়। এ মামলায় ১২০জনের নাম উল্লেখ করা হয় এবং ২শ’ ৬০জনকে আসামী দেখানো হয়।
রেলওয়ের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এস এ ই/ওয়ে আব্দুল হাই ও রেলওয়ে থানার ওসি সুভাস কান্তি দাস বাদী হয়ে এ মামলাগুলো দায়ের করেন।
মামলার সূত্রে জানা যায়, দেশব্যাপী ১৮ দলীয় জোটের হরতাল ও অবরোধ চলাকালীন চাঁদপুর-লাকসাম রেলপথের মেহের-শাহরাস্তির মধ্যবর্তী স্থান নাউড়ায় রোববার রেলপথের ফিশপ্লেট খুলে ১শ’ ফুট লাইন উপড়ে ফেলায় ৪৩জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৫০জনকে আসামীকে করে ওসি সুভাস কান্তি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ২৭ নভেম্বর এ পথের ওয়ারুক নামক স্থানে রেল লাইন উপড়ে ফেলার ঘটনায় ১১০জন অজ্ঞাতনামা ও ৩৪ জনের নাম উল্লেখ করে আরেকটি মামলা করা হয়। অপরদিকে শহরের আক্কাছ আলী স্কুল সংলগ্ন রেলপথে অগ্নিসংযোগ, গুণরাজদী, মিশন রোড, দর্জি ঘাট ও শহরের বকুলতলা এলাকায় গত ২৬ নভেম্বর রেলপথে অগ্নিসংযোগ, গাড়িতে হামলা ও স্টেশনে ভাংচুরের ঘটনায় ২৭ নভেম্বর অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়। গত ২৮ নভেম্বর কোর্ট স্টেশন সংলগ্ন ব্রিজ নং সি/৫৮-এর কাছে রেল লাইনে অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ১১০ জনকে আসামী করে মামলা করা হয়। গত ৩০ নভেম্বর রেলওয়ের কিঃ মিঃ নং ১৭৯/২-৬ আক্কাছ আলী স্কুল সংলগ্ন এলাকায় রেললাইনে অগ্নিসংযোগ করায় অজ্ঞাতনামা ৫০ ও ৪৩জনের নাম উল্লেখ করে রেলেওয়ে থানার এএসআই আঃ মতিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
এ মামলায় পুলিশ গতকাল সোমবার পর্যন্ত ১৮ জনকে আটক করে জেলা হাজতে প্রেরণ করেছে বলে রেলওয়ে থানার ওসি জানান।
৪ শতাধিক আসামী করে উপরোক্ত ৫টি মামলা দায়ের করা হয়েছে। এসব ঘটনার মামলা দেয়ার পরও গত রোববার রাত সাড়ে ১১টায় গুণরাজদী ব্রিজের নিকট চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস আসার সময় লাইনে অগ্নিসংযোগ করা হয়। এতে করে শত শত যাত্রী আতঙ্কিত হয়ে পড়ে। পরে চালক তাৎক্ষণিক মেঘনা এক্সপ্রেসটি থামিয়ে আগুন নিভিয়ে ট্রেনটি নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করে।
রেলওয়ে থানার ওসি সুভাষ কান্তি দাস জানান, এ রুূটে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি দু’বার লাইন উপড়ে ফেলায় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায়। এ ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের আটক করে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হবে।
