মেঘনা নদীর চাঁদপুর নৌ-সীমানায় মা ইলিশ নিধনের দায়ে ২৩ জেলেকে ১ বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যামান আদালত। মঙ্গলবার দুপুর ১২টায় চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়িতে ভ্রাম্যামান আদালত বসিয়ে এই কারাদন্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামাল মো. রাশেদ।
দন্ডপ্রাপ্ত জেলেরা হচ্ছেন: মো. মনসুর (২৪), কালু বেপারী (৩৫), রুহুল আমিন বেপারী (৪০), হাসান বেপারী (২৫), শাহ আলম (৩০), মো. হাবিব (২০), আবুল কাশেম (২৩), ওসমান গণি (২৩), মনির হোসেন (১৮), আঃ হালিম (২১), ছিদ্দিক আলী (২৭), সেলিম খান (৩৫), অলি উল্যাহ বেপারী (২৮), ইমান গাজী (২০), হারুন (২২), আবদুস সালাম (৩০), লিটন (২৫), মো. রিপন (৩৮), শহীদ উল্যাহ (২৬), মো. জয়নাল (১৮), নজরুল ইসলাম (৩৭), কালু মিয়া (৩২) ও মো. হাশিম (৪০)।
চাঁদপুর নৌ- পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিএম নুরুজ্জামান জানান, মা ইলিশ রক্ষার্থে মঙ্গলবার সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নৌ-পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় লগ্গীমারার চর থেকে শুরু করে হাইমচর পর্যন্ত আলুর বাজার, হরিণা, চরভৈরবী এলাকায় অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়।
চাঁদপুর নৌ-পুলিশের (এসপি) মো. শাহরারিয়ার আটক ও কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, মা ইলিশ রক্ষার্থে আগামী ৯ অক্টোবর পর্যন্ত নৌ-পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

