
গতকাল ৩ নভেম্বর ছিলো জেল হত্যা দিবস। ১৯৭৫ সালের এ দিনে জাতীয় চার নেতাকে কারাগারের ভেতরে নির্মমভাবে হত্যা করা হয়। দিবসটি উপলক্ষে চাঁদপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গতকাল বিকেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপের সভাপ্রধানে ও দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিমের পরিচালনায় এ আলোচনা সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারে হত্যার মধ্য দিয়ে মূলত এ চক্রটি দেশকে ভিন্ন ধারায় নেয়া শুরু করে। মুক্তিযুদ্ধের চেতনা ও আওয়ামী লীগের নাম মুছে ফেলার জন্যে তাদের এই ষড়যন্ত্র শুরু হয়। তারই ধারাবাহিকতায় জাতিকে নেতৃত্বহীন করার লক্ষ্যে ৩ নভেম্বর জেল হত্যা সংঘটিত করে। তাই আমাদের বাঙালির জাতীয় শোক দিবসগুলোর মধ্যে আজকের দিবসটি অন্যতম শোক দিবস।
তিনি আরো বলেন, আজ জাতীয় ৪ নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করি। তাঁদেরকে সারাদেশের মানুষও শ্রদ্ধার সাথে স্মরণ করছে। জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ ৪ সহচরকে হত্যার মাধ্যমে দেশকে নেতৃত্বশূন্য করে দিতে চেয়েছিলো। মৃত্যুর মুখে দাঁড়িয়েও তাঁরা কখনোই বঙ্গবন্ধুর আদর্শের সাথে আপস করেন নি। তাঁরা জীবন দিয়েছেন কিন্তু চুল পরিমাণও স্বাধীনতার মূল চেতনা থেকে বিচ্যুত হননি।
তিনি বলেন, ‘৭১-এর পরাজিত শক্তি ‘৭৫-এর ১৫ আগস্ট, ৩ নভেম্বর এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বার বার হামলা চালিয়েছে। তাদের উদ্দেশ্য পাকিস্তানের ঝা-া প্রতিষ্ঠিত করা, এ উদ্দেশ্য বিগতদিনে সফল হয়নি ইনশাআল্লাহ ভবিষ্যতেও সফল হবে না।
তিনি আরো বলেন, জেল হত্যা দিবসে আমাদের শপথ নিতে হবে, এই অপশক্তিকে চিরতরে নির্মূল করার। তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের প্রতিটি মুহূর্তে সজাগ ও সচেতন থাকতে হবে। কারণ, সেই অপশক্তি এখনো তাদের পুরানো স্বপ্ন বাস্তবায়নের জন্যে এবং দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিভিন্ন নামে, বিভিন্ন অজুহাতে ত্রাস সৃষ্টি করতে চায়। এই অপশক্তিকে রুখে দিতে প্রতিটি নেতা-কর্মীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ আহমেদ মিঠু, শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক সাবি্বর দেওয়ান মন্টু, পৌর আওয়ামী লীগের কার্যকরী সদস্য আলমগীর হোসেন ভূঁইয়া, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মানিক, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ মফিজ বেপারী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম বিপ্লব, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন ভূঁইয়া, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আমির হোসেন বাপ্পী প্রমুখ।
