হাজীগঞ্জ থেকে চাঁদপুর আসার পথে সাগরিকা ট্রেনের ছাদে দুষ্টুমি করাবস্থায় এক স্কুল ছাত্র গাছের ডালে আঘাত পেয়ে আহত হয়। পরে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল ৭ মার্চ বুধবার দুপুর ১টায়।
জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার খেজুরগাঁও গ্রামের বিল্লাল হোসেন ও রুনা বেগমের ছেলে হাজীগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রবিন আজিজ অভি (১৪) স্কুল থেকে সহপাঠীদের সাথে সাগরিকা এঙ্প্রেস ট্রেনের ছাদে করে চাঁদপুর শহরের ত্রি-নদীর মিলনস্থল বড়স্টেশন মোলহেডে ঘুরতে আসছিল। বলাখাল রেলক্রসিংয়ের পূর্ব পাশে থাকাবস্থায় বন্ধুরা বসে থাকলেও রবিন আজিজ ট্রেনের ছাদে দাঁড়িয়ে দুষ্টুমি করছিল। এমন সময় গাছের ডালের সাথে সে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যাওয়ার সময় সহপাঠীরা তাকে ধরে ফেলে। গাছের ডালের সাথে আঘাত পেয়েই সে অচেতন হয়ে যায়। সাগরিকা ট্রেনটি চাঁদপুর শহরের কোর্ট স্টেশন প্লাটফর্মে দুপুর সোয়া ১টায় আসলে রবিনের বন্ধুরা তাকে দ্রুত চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক রবিনের অবস্থার অবনতি দেখে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অ্যাম্বুলেন্সযোগে রবিন আজিজ অভিকে ঢাকা নেয়ার পথে কাচপুর ব্রিজ পার হওয়ার সময় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে রবিনের লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়।
