
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজার এলাকা থেকে বরযাত্রীর সাথে ট্রলারে ডুবে যাওয়া নিখোঁজ শিশু অর্পিতা রাণী দাস পিংকি (৫) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে শাহতলী বাজার সংলগ্ন ডাকাতিয়া নদী থেকে মরদেহ উদ্ধার করে চাঁদপুর নৌ থানা পুলিশ।
পুলিশ জানায়, বিকেলে মরদেহ ভাসতে দেখে পুলিশকে জানায়। পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে নিহত শিশুর অভিবাবক মরদেহ শনাক্ত করেন।
নিহত শিশু পিংকি সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চরমায়েশা গ্রামের সজিব চন্দ্র দাসের কন্যা। তার মায়ের নাম সীমা রানী দাস।
চাঁদপর নৌ থানার ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জহরিুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং আইনী পক্রিয়া শেষে শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত রোববার (২১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে ওই স্থানে বরযাত্রীসহ ট্রলার ডুবির ঘটনায় ট্রলারের চালক ও পিংকি নিখোঁজ হয়। পরবর্তীতে চালক উদ্ধার হলেও পিংকি নিখোঁজ থাকে।
চাঁদপুরনিউজ/এমএমএ/
