জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় চাঁদপুর শহরের বিভিন্ন বেকারিতে অভিযান চালিয়েছে। এ সময় শহরের প্রসিদ্ধ দুটি বেকারি থেকে মেয়াদ উত্তীর্ণ ময়দার বস্তা এবং পণ্যসামগ্রীর প্যাকেটে উৎপাদন ও মেয়াদ শেষের তারিখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩৭ ধারা ও ৫১ ধারায় অর্থদ- এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য সামগ্রী বিনষ্ট করা হয়েছে।
গতকাল ২০ মার্চ মঙ্গলবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম ও চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক বিপ্লব কুমার নাহা পুলিশ সদস্যদের নিয়ে শহরের হাজী মহসীন রোডস্থ চাঁদপুরের প্রসিদ্ধ ব্রেড ঢাকা কনফেকশনারীর কারখানায় অভিযান চালায়। এখান থেকে দুই মাস, এক মাস এবং ১০/২০ দিনের মেয়াদ উত্তীর্ণ ৫০ কেজি পরিমাণের ৮ বস্তা আইকন ফ্লাওয়ার মিলসের পাউরুটি মার্কা ময়দা উদ্ধার করা হয়। এগুলো ছায়াবাণী মোড় এলাকায় রেলওয়ে পুকুরে ও ডাস্টবিনে ফেলে নষ্ট করা হয়। এ সময় ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় এ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদ- করা হয়। এছাড়া চিত্রলেখা মোড় এলাকায় হংকং ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীতে অভিযান চালানো হয়। এই প্রতিষ্ঠানটি কোন্ আইন বা বিধি দ্বারা পণ্য মোড়কবদ্ধভাবে বিক্রয় করা এবং মোড়কের গায়ে ওজন, পরিমাণ, উপাদান, ব্যবহার বিধি, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় ১০ হাজার টাকা অর্থদ- করা হয়।
