ঢাকাস্থ চাঁদপুর জেলা সমিতির সভাপতি নির্বাচিত হলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং ঢাকাস্থ ফরিদগঞ্জ উপজেলা সমিতির সভাপতি সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভঁূইয়া। গতকাল ৩১ অক্টোবর শনিবার ঢাকার মালিবাগে সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই মেয়াদের জন্য তিনি সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন সফিউল আলম স্বপন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক এ কে এম মজিবুল হক। এর আগে সকালে প্রথম অধিবেশনে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. মাহবুবুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক এ কে এম ফজলুল হকের পরিচালনায় সমিতির ৪ শতাাধিক আজীবন সদস্য, চাঁদপুর জেলার ৮টি উপজেলার জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিশিষ্টজন উপস্থিত ছিলেন। বার্ষিক রিপোর্ট প্রদান করেন বিদায়ী সাধারণ সম্পাদক অধ্যাপক এ কে এম ফজলুল হক।
সভাপতি নির্বাচিত হওয়ার পর উপস্থিত সমিতির নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি বলেন, ঢাকাস্থ চাঁদপুর জেলাবাসীর সকল প্রয়োজনে সাথে থাকবো। সকলের সাথে মিলেমিশে কাজ করতে পারলে সমিতিকে একটি শক্ত ভিতের উপর দাঁড় করানোর সাথে সাথে চাঁদপুরবাসীর জন্যও কিছু করা সম্ভব হবে। তিনি বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে যেমন আমার দায়িত্ব ফরিদগঞ্জবাসীর উন্নয়নে ভূমিকা রাখা, তেমনি ঢাকাস্থ চাঁদপুর জেলা সমিতির সভাপতি হিসেবে আমার দায়িত্ব ঢাকাস্থ চাঁদপুরবাসীকে একত্রিত করে সকলে মিলে সুদৃঢ় বন্ধন সৃষ্টি করা এবং সমিতির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করা। পরে চাঁদপুর জেলা সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানায় ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রকল্যাণ সংস্থাসহ বিভিন্ন সংগঠন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

