
চাঁদপুর শহরের পুরাণবাজার ব্যবসায়িক এলাকার দুটি দোকানের তিনটি গুদামে অভিযান চালিয়ে ৩৮০ কেজি পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকান মালিক কাদের শেখ ও প্রবীর সাহাকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার পুরাণবাজার ঘোষ পট্টিতে নিষিদ্ধ পলিথিন উদ্ধারে এই আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম। এ সময় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এএইচএম রাশেদ, চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক পলাশ বড়ুয়াসহ সঙ্গীয় পুলিশ ফোর্স, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অন্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক চাঁদপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম জানান, পরিবেশ অধিদপ্তর চাঁদপুর ডিডি মহোদয়ের অনুরোধে আমরা এ অভিযান পরিচালনা করে ২টি দোকানের তিনটি গুদাম থেকে একটিতে ১৮০ কেজি অপরটিতে ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করি। যাদের কাছে এগুলো পেয়েছি, স্বেচ্ছায় দোষ স্বীকার করায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেছি। জব্দকৃত পলিথিন ডিস্পোজাল করার জন্য পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালকের অধীনে দিয়েছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের উপ-পরিচালক এএইচএম রাশেদ বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ ও বিক্রয় নিষিদ্ধ রয়েছে। এই পলিথিন পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি করছে। পলিথিনের যথেচ্ছ ব্যবহার রোধে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি।
