প্রতিনিধি
ফরিদগঞ্জে প্রেমিকের সাথে অভিমান করে আত্মহনন করেছে নিশু (১৯) নামে প্রেমিকা। পৌর এলাকার ভাটিরগাঁও গ্রামের মিজি বাড়িতে বুধবার রাতে এ ঘটনা ঘটে। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্যে চাঁদপুর প্রেরণ করেছে।
জানা গেছে, স্বামী পরিত্যক্তা সেকান্তর মিয়ার মেয়ে মরিয়ম আক্তার ছোট মেয়ে নিশুর (১৯) সাথে পার্শ্ববর্তী রুদ্রগাঁও এলাকার রাজের বাড়ির জয়নাল আবদিনের ছেলে মোঃ মানিকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু ছেলের পরিবার এ সম্পর্ককে মেনে না নিয়ে বাড়িতে এসে নিষেধ করাসহ শাসিয়ে যায়। এতে নিশু ক্ষুব্ধ হয়ে প্রেমিকের সাথে অভিমান করে বুধবার রাতে ঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে জীবনের ইতি টানেন।
নিহত নিশুর মামা আবদুর রাজ্জাক জানান, প্রায় ছয় মাস থেকে তাদের প্রেমের সম্পর্কের কথা জানাজানি হয়। এ নিয়ে মানিকের মা ও বোনরা আমার বোনের বাড়িতে এসে কয়েকবারই তাকে অকথ্য ভাষায় গালমন্দসহ খারাপ আচরণ করে। ঘটনার দিন মানিকের বোনেরা পুনরায় মোবাইল ফোনে আমার বোনের সাথে খারাপ আচরণ করে। বিষয়টি নিশু জানতে পেরে প্রেমিক মানিকের সাথে অভিমান করে সে আত্মহত্যা করে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহবুব মোল্লা জানান, লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্যে চাঁদপুর প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
