
ফরিদগঞ্জ প্রতিনিধি
গতকাল রোববার অনুষ্ঠিত জেএসসির গণিত পরীক্ষা চলাকালে ফরিদগঞ্জে অসদুপায় অবলম্বনের দায়ে সাত পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। এছাড়া দায়িত্ব অবহেলার জন্যে এক শিক্ষককে পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ফরিদগঞ্জ উপজেলার গল্লাক কেন্দ্রে এ ঘটনা ঘটে।
গল্লাক কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে দায়িত্বরত সরকারি কর্মকর্তা আব্দুর রহমান সংবাদকর্মীদের জানান, পরীক্ষা চলাকালীন এই কেন্দ্রে ৭জন পরীক্ষার্থী ফয়সাল হোসেন, সজিব হোসেন, রহমত উল্লা, হাসান আহামদ, ইকবাল হোসেন, জহির হোসেন ও খাদিজা আক্তারকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়। এ সময় দায়িত্ব অবহেলার জন্যে রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমিনুল ইসলামকে চলতি জেএসসি পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। এদিকে উপজেলার ১০টি জেএসসি কেন্দ্র ও ৫টি জেডিসি কেন্দ্রে মোট ৭জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
