ফরিদগঞ্জের ডাকাত সর্দার জিয়া (২৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করে। গতকাল ২৭ জুলাই শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়। ডাকাত সর্দার জিয়া উপজেলার চরমান্দারী গ্রামের মৃত অজিউল্লার ছেলে।
ফরিদগঞ্জ থানার এসআই নাজমুল ইসলাম জানান, জিয়ার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় প্রায় ১৫টি ডাকাতির মামলা রয়েছে। এর আগে থানা পুলিশ সোমবার রাতে উপজেলার ফরিদগঞ্জ-রায়পুর বর্ডার এলাকা থেকে ডাকাতির একাধিক মামলার আসামী ও আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য রায়পুর উপজেলার কেরোয়া গ্রামের আব্দুর রবের ছেলে সবুজ হোসেন (২৮) ও লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব নন্দনপুর গ্রামের নজির আহম্মেদের ছেলে বাহার (২৪)কে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্যানুযায়ী পুলিশ ডাকাত সর্দার জিয়াকে আটক করতে সমর্থ হয়।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহআলম জানান, ফরিদগঞ্জ-রায়পুর সড়কে এবং বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনায় ডাকাত জিয়া জড়িত ছিলো। আমরা তাদের গ্রেফতার করতে সমর্থ হয়েছি।
