প্রতিনিধি
ফরিদগঞ্জে নতুন বিদ্যুৎ সংযোগের নামে অর্ধ কোটি টাকা আত্মসাতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের মধ্যে মমিনুল ইসলাম নামে একজনকে আটক করে আদালতে প্রেরণ করেছে।
মামলার বাদী ও থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের নদোনা গ্রামের আড়াই কিলোমিটার নুতন বিদ্যুৎ লাইনের অনুমোদনের পর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, জামায়াত নেতা মাওঃ আবু তাহের, তাজুল ইসলাম, মমিনুল ইসলাম, ইমান হোসেন স্থানীয় লোকজনকে বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে ৪০ হাজার টাকা করে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়। এ ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় জনৈক শহীদ উল্যা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে গ্রহণ করে এবং অভিযুক্তদের মধ্যে মমিনুল ইসলামকে শনিবার রাতে আটক করে রোববার আদালতে প্রেরণ করে।
অন্যদিকে এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানায়, প্রায় বিদ্যুৎবিহীন গ্রাম ছিল ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের নদোনা গ্রাম । গত ২০১৬ সালে ওই গ্রামে আড়াই কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণের জন্য অনুমোদন হয়। এ সুযোগে স্থানীয় দালালচক্র বিদ্যুৎ গ্রাহকদের কাছে অর্থ আদায় শুরু করেন। তারা গ্রামের ১৫২ জন গ্রাহকের কাছ থেকে কৌশলে গড়ে ২০/৩০/৪০ হাজার টাকা করে প্রায় অর্ধ কোটি টাকা করে নিয়ে যায়।
বিদ্যুৎ গ্রাহক বাচ্চু মিয়া ও মজিবুল হকসহ লোকজন জানান, কারেন্ট দেয়ার কথা বলে আমাদের বাড়ির প্রত্যেক ঘর প্রতি ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত নেয়া হয়েছে।
মামলার বাদী শহীদ উল্যা জানান, অভিযুক্তরা নিজেদের আখের গোছানোর জন্য সরকারের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করে যে উদ্যোগ নিয়েছেন তাতে ধুলিসাৎ করার পাঁয়তারা করছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সালাউদ্দিন শামীম জানান, মামলার তদন্ত চলছে। আসামীদের আটকের চেষ্টাও অব্যাহত রয়েছে।
