
মিজান লিটন
গতকাল ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডস্থ বাবুরহাট বাজারের বেশ কয়েকটি দোকানে নিষিদ্ধ পলি ব্যাগ ও পলিথিন জাতীয় মালামাল রাখার কারণে এবং বিক্রি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ্ সাদীপ-এর নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আরেফিন বাদলসহ চাঁদপুর মডেল থানার পুলিশ সদস্য। এ সময় মধ্যবাজারের মেসার্স হাজী স্টোর মোঃ আবুল খায়েরকে ৫৫ মাইক্রনের নিচে পলিথিন পাওয়ার কারণে নগদ ৩ হাজার টাকা, পাটোওয়ারী ট্রেডার্স মোঃ মাহবুবকে ২ হাজার টাকা, ব্যবসায়ী রঞ্জনকে ২ হাজার টাকা, বিল্লাল ফরাজীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন ঢালী, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির দুলাল মাল, কোষাধ্যক্ষ মোঃ আফজাল হোসেন পাটোয়ারীর উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ্ সাদীপ ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আরেফিন বাদল সকল ব্যবসায়ীকে সতর্ক করে দিয়ে বলেন, ফের যদি পরিবেশ হুমকিকারী নিষিদ্ধ পলিথিন দ্রব্য সংরক্ষণ, বাজারজাতকরণ, মজুদকরণের মধ্যে কোনো ব্যবসায়ী লিপ্ত থাকে তাহলে ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটি সভাপতি ও সেক্রেটারী সকল ব্যবসায়ীকে নিষিদ্ধ পলিথিন বিক্রি করতে নিষেধ করেছেন।
