চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট বাজার এলাকায় সরকারি জমিতে ইতোপূর্বে জারিকৃত স্থিতাবস্থা প্রত্যাহার করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমীর আব্দুল্লাহ মুহম্মদ মঞ্জুরুল করিম গতকাল বৃহস্পতিবার এক রায়ে এই আদেশ প্রদান করেন।
বিবাদীর আইনজীবী সূত্রে জানা যায়, বাবুরহাট বাজারে জেলা পরিষদের যাত্রী ছাউনী সংলগ্ন জেলা পরিষদ ও সওজ’র জমি নিয়ে জনৈক মাসুদ রানা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত প্রথমে ওই জমিতে স্থিতাবস্থা জারি করেছিল। গতকাল বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উক্ত জমি থেকে স্থিতাবস্থা প্রত্যাহার করেন। এছাড়া ওই জমি নিয়ে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে নজরদারি করতে থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে।
আদেশে আরো বলা হয়, বাদী মাসুদ রানা জেলা পরিষদ ও সওজ থেকে যে জমি লিজ নিয়েছিলেন পরবর্তীতে তা আর নবায়ন হয়নি। এছাড়া ওই জমি সওজ এবং জেলা পরিষদের মালিকানাধীন। এমতাবস্থায় এখানে স্বার্থ ক্ষুণ্ন হলেও তা সংস্থার কিন্তু এখানে দেখা যায় ব্যক্তিগতভাবে মামলা দায়ের করা হয়েছে। প্রার্থীর দাবি লিজ গ্রাহক হিসেবে যদিও তার একসনা লিজ দীর্ঘদিন উভয় সংস্থা হতে নবায়নকৃত নয়। এমতাবস্থায় যে সংস্থার জমি তারা এ বিষয়ে আদালতের শরণাপন্ন হতে পারেন কিন্তু আপাত মর্মে প্রার্থীর কোন প্রকার স্বত্ব বা স্বার্থ দেখতে পাওয়া গেল না।

