চাঁদপুর শহরে আবারো মোটরসাইকেল ছিনতাইয়ের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। বহিরাগত ছিনতাইকারীরা শহরের বিভিন্ন হোটেল থেকে রাতের আঁধারে স্থানীয় নেশাখোর যুবকদের সাথে নিয়ে টার্গেট অনুযায়ী বিভিন্ন বাড়ির গেইটের তালা ভেঙ্গে মোটর সাইকেল চুরির ঘটনা ঘটিয়ে যাচ্ছে।
মোটর সাইকেল চোরের মূল হোতাদের পুলিশ হাতেনাতে গ্রেফতার করতে না পারায় দিনের পর দিন অহরহ চুরির ঘটনা ঘটছে। সম্প্রতি চাঁদপুর মডেল থানা পুলিশ চোরাই মোটরসাইকেলসহ শহরের বেশ কয়েকজনকে গ্রেফতার করলেও কমেনি মোটরসাইকেল চুরি। ছিনতাইকারী মূল হোতারা চুরির ঘটনা ঘটিয়ে মোটরসাইকেল হাত বদল করার কারণে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অবশেষে গতকাল ৩ সেপ্টেম্বর বুধবার রাত দেড়টায় শহরের বিপনীবাগ এলাকার অতিথি ভিলার কলাবসিবল গেইটের তালা ভেঙ্গে একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে চাঁদপুরের চিহ্নিত ছিনতাইকারী সাগরকে আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশ।
চাঁদপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক আলমগীর, আহসানুজ্জামান লাবু ও নোমান দক্ষতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ঘটনার রাতে ষোলঘর ডায়াবেটিস হাসপাতালের সামনে থেকে কুলি বাগানের বাসিন্দা সাগর হোসেন (৩২)-কে চোরাই মোটরসাইকেলসহ আটক করে থানায় নিয়ে আসে।
জানা যায়, বিষ্ণুদীর মৃত- তাইজুদ্দিন মৃধার ছেলে আব্দুল গনি বিপনীবাগ অতিথি ভিলার পঞ্চম তলায় ভাড়া থাকেন। আব্দুল গনির ষোলঘর এলাকার ঢাকা মোর্টস গাড়ির ওয়ার্কশপের দোকান রয়েছে। চিহ্নিত ছিনতাইকারী মোটরসাইকেল চোরের মূল হোতা সাগর তাকে টার্গেট করে বিপনীবাগ অতিথি ভিলার তালা ভেঙ্গে আব্দুল গনির ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চাঁদপুর মডেল থানার দক্ষ পুলিশ অফিসাররা তাৎক্ষণিক মোটরসাইকেল চোর সাগরকে ধাওয়া করে। ডায়াবেটিস হাসপাতালের সামনে মোটরসাইকেলসহ তাকে আটক করার পর সাগর নিজেকে ঔষধ কোম্পানীর রি-প্রেজেন্টিভ ও রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে পুলিশের সাথে বাক্বিতণ্ডায় লিপ্ত হয়।
ষোলঘর এলাকার স্থানীয়রা চুরি হওয়া মোটরসাইকেলটি আব্দুল গনির বলে চিহ্নিত করে পুলিশকে জানানোর পর মোটরসাইকেল চোরের হোতা সাগরকে অবশেষে আটক করে। এছাড়া সাগর অন্যান্য জায়গা থেকে মোটরসাইকেল চুরি করে এনে চাঁদপুরে বিভিন্ন যুবকদের কাছে কম মূলে বিক্রি করে। গত বুধবার দুপুর সাড়ে ১১টায় সাগর ষোলঘর এশিয়া হোটেলের দ্বিতীয় তলায় ৪নং কক্ষ ভাড়া নিয়ে ছদ্মবেশে থাকে। রাতে হোটেল থেকে বের হয়ে টার্গেট অনুযায়ী আব্দুল গনির মোটরসাইকেলটি চুরি করে ফেরার পথে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। মোটরসাইকেল চোরের হোতা সাগরের বিরুদ্ধে রয়েছে থানায় ডজন খানেক মামলা।
গত কিছুদিন পূর্বে শহরের হোটেল সফিনার নিচ থেকে এসিআই কোম্পানীর গাড়ির তালা ভেঙ্গে কোম্পানীর লোকদের সহযোগিতায় ১ লাখ টাকার ঔষধ চুরি করে নিয়ে যায়। ঘটনার দিন রাতে সে হোটেলের ১নং কক্ষ ভাড়া নিয়ে চুরির ঘটনা ঘটায়। ঔষধ চুরি করার সময় তার রুমের চাবি কোম্পানীর গাড়ির ভেতরে পাওয়া যায়। ঘটনার পর পুলিশ চাবিটি পেয়ে চুরির ঘটনার সাথে সে জড়িত রয়েছে তা নিশ্চিত করে। চুরির ঘটনার পর থেকে সে ৭-৮ দিন চাঁদপুরের বাইরে অবস্থান করে। অবশেষে চুরি হওয়া মোটরসাইকেলসহ পুলিশ তাকে আটক করার পর ঔষধ চুরির ঘটনা রহস্য উন্মোচিত হয়।
এদিকে এসিআই কোম্পানীর কর্মচারী বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করার পর তাদের সাথে চোরের সক্ষতা রয়েছে; পুলিশ জানতে পেরে তারা গা ঢাকা দেয়। ঔষধ চোরের মূল হোতা সাগর গ্রেফতার হওয়ার খবর শুনেও মামলার বাদী থানায় আসেনি। আটককৃত সাগরকে মোটরসাইকেল চুরি ও ঔষধ চুরির মামলায় আসামী করে আদালতে প্রেরণ করে। আটক সাগর হোসেন বাবুরহাট দাসাদীর সফিকুর রহমানের ছেলে। সে কুলি বাগান এলাকার বাসিন্দা সীমা নামের এক মেয়েকে বিয়ে করার পর থেকে শ্বশুর বাড়িতে থেকে এসব অপকর্মের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। চাঁদপুর শহরের বেশ কয়েকটি ঔষধের দোকানে চুরি হওয়ার ঘটনায় তাকে পুলিশের পূর্বেও কয়েকবার আটক করেছে। সে ঔষধ চুরি করে এনে কুলি বাগানের তার শ্বশুর বাড়ির পাশে ‘নীরব ফার্মেসী’ নামে একটি দোকানে রাখে।
গত বুধবার তাকে আটকের পর তার স্ত্রী সীমা জানতে পেরে এলাকা থেকে গা ঢাকা দেয়। আটককৃত সাগরকে আদালতে প্রেরণ করলে তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। –
শিরোনাম:
বুধবার , ৫ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

