
রফিকুল ইসলাম বাবু ঃ
ভারতের সাথে প্রতিরক্ষাসহ সকল সমঝোতা চুক্তি দেশের স্বাথ বিকিয়ে নয়; জাতীয় স্বার্থেই করা হয়েছে বলে মতব্যক্ত করেছেন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডাঃ দীপু মনি এমপি। তিনি বলেন, বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা প্রতিবেশি দেশের সাথে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। রবিবার দুপুর দেড়টার দিকে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃংখলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। দীপু মনি বলেন, আগামী দিনের যে উন্নয়ন সমৃদ্ধ বাংলাদেশ তা এ আওয়ামীলীগের আমলেই হবে। আর যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ^াস করে না; যুদ্ধপরাধের সাথে সম্পৃক্তদের সাথে নিয়ে যারা দলীয় ও ক্ষুদ্র ব্যক্তিগত পারিবারিক স্বার্থে রাজনীতির নামে অপরাজনীতির নামে দেশকে ধ্বংস করার কাজ করে, তারা দেশ বিক্রির কথা বহুবছর ধরে বলছে। একথা বাঙালী এখন আর বিশ^াস করে না। এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আবদুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামছুন্নাহার, জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমূখ।
