
শওকত আলী
মতলব উত্তর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ও খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন কৃষি প্রকল্প ২য় পর্যায়ের (আমন ধান) মৌসুমে রিপার যন্ত্রের মাধ্যমে ধান কর্তন উপলক্ষে মাঠ দিবস পালিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ লুধুয়া গ্রামে মাঠ দিবসে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম মজুমদার সভাপতির বক্তব্যে বলেন, আধুনিক পদ্ধতিতে রিপার-এর মাধ্যমে ধান কর্তন করা খুবই সহজ ও খরচও কম। এই পদ্ধতি ব্যবহার করলে অর্থ ও শ্রমিক কম লাগে। রিপার মেশিন যাতে সাধারণ কৃষকরা ক্রয় করতে পারে সেজন্যে সরকার ৩০% ভর্তুকি দিচ্ছে। একটি রিপার মেশিনের দাম ১ লাখ ৭৫ হাজার টাকা। ৩০% ভর্তুকিতে একজন কৃষক রিপার মেশিন পাচ্ছে ১ লাখ ২১ হাজার টাকায়। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে কৃষি কাজ করলে কৃষকদের সুবিধা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী। তিনি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষি বান্ধব সরকারের সফল নীতির কারণে আজ বাংলাদেশ খাদ্যে সয়ংসম্পূর্ণ। বাংলাদেশ আজ বিদেশে চাল রপ্তানী করছে। সরকার কৃষকদের চাষাবাদে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কৃষি যন্ত্রপাতি শতকরা ৩০% টাকা প্রদান করছে। তিনি আধুনিক যন্ত্রের সৎ ব্যবহার করে কৃষির উন্নয়নে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফারুক হোসেন, এসিআই মোটরস চাঁদপুরের সিনিয়র অফিসার মোঃ আলী রেজা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এসএম সৈয়দ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রাসেল, রিজন ও কমল প্রমুখ । অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মজিবুর রহমান।
