মতলব দক্ষিণের এক মাদ্রাসা ছাত্রীকে (১৫) অপহরণ করে ৫ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে ৮ দিন পর ওই মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার এবং ধর্ষক খোরশেদ আলম তালুকদারকে (৪০) আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ধর্ষককে পুলিশ আটক করে বুধবার চাঁদপুর নিয়ে আসে।
গত ৩ এপ্রিল দুপুরে উপজেলার খর্গপুর গ্রামের একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রীকে ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে খোরশেদ তালুকদার অপহরণ করে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে খোরশেদ আলম তালুকদারকে প্রধান আসামী করে মতলব দক্ষিণ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, মাদ্রাসার ছাত্রীর বাবা নারায়ণপুর বাজারের মালবাহী ট্রলি গাড়ির ড্রাইভার। গত ৩ এপ্রিল দুপুরে তার মেয়ে অন্যান্য দিনের ন্যায় দুপুরের খাবার নিয়ে নিজ বাড়ি থেকে নারায়ণপুর বাজারের উদ্দেশ্যে রওনা হয়। খর্গপুর গ্রামের আবিদ আলী বাড়ির সামনের রাস্তায় ওঁৎ পেতে থাকা একই গ্রামের খোরশেদ আলম তালুকদার তাকে (মেয়েটিকে) বিয়ের প্রলোভনে অপহরণ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজ্জাক জানান, মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে মোবাইল ট্র্যাকিং করে গত ১০ এপ্রিল রাতে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় পুলিশের সহায়তায় একটি ভাড়া বাসা থেকে মেয়েটিকে উদ্ধার করে অপহরণকারী খোরশেদ আলম তালুকদারকে আটক করে। মাদ্রাসা ছাত্রীর শারীরিক পরীক্ষা করা হবে বলেও তিনি জানান।
মেয়ের বাবা জানান, অপহরণের পর মেয়েটিকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। গত ১০ এপ্রিল দুপুরে একটি মোবাইল নম্বর থেকে আমার মেয়ে জানায়, তাকে একটি ঘরে আটকে রাখা হয়েছে। বিষয়টি পুলিশেকে জানানো হলে মোবাইল ট্র্যাকিং করে নারয়ণগঞ্জের বন্দর এলাকার একটি ভাড়া বাসা থেকে মেয়েকে উদ্ধার করা হয়। অপহরণকারী তার মেয়েকে পাঁচদিন আটকে রেখে ধর্ষণ করেছে বলে জানায়।
মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) মোঃ ইব্রাহিম খলিল জানান, এ ঘটনায় খোরশেদ আলম তালুকদারের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং প্রধান আসামীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।
