প্রতিনিধি
মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের সহধর্মিণী রুবি ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে আজাদ মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নৌ-পরিবহনমন্ত্রী মোঃ শাহজাহান খান, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এছাড়াও বিভিন্ন সংসদ সদস্য, সামরিক বাহিনীর কর্মকর্তা, শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান, সরকারি-বেসকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ শাহরাস্তি-হাজীগঞ্জ উপজেলার কয়েক শ’ নেতা-কর্মী জানাজায় উপস্থিত হন। এরপর বেলা ৩টায় বনানী সামরিক গোরস্থানে মরহুমা রুবি ইসলামকে দাফন করা হয়।
মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের একান্ত সহকারী মোঃ মশিউর রহমান শাহীন জানান, আগামী মঙ্গলবার বাদ আসর এমপি মহোদয়ের বাসভবনে মরহুমার কুলখানি অনুষ্ঠিত হবে। এতে সকলকে অংশগ্রহণ করার জন্যে তিনি অনুরোধ জানান। এছাড়া মরহুমার আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের বাসভবনে যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাডঃ নুরজাহান বেগম মুক্তা। এদিকে রুবি ইসলামের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক অব্যাহত রয়েছে।
